সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার পানিপুকুর নদীবাঁধে হঠাৎ করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে বিকট শব্দ শোনা যায়। দেখা যায়, বাঁধের সামনের কিছুটা অংশ ধসে গিয়ে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এমনকি, বাঁধের উপরে থাকা একটি বড়ো গাছও ডালপালা সমেত নদীর গর্ভে চলে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর টেকারঘাট এলাকায়। এই এলাকায় দীর্ঘদিন নদীবাঁধ সংস্কার করা হয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওইদিন রাতে হঠাৎই ১৬০ ফুট এলাকা জুড়ে ধস নামে। এছাড়াও বাঁধের বেশ কিছুটা জুড়ে ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটি বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা হয়নি।



