Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যজুড়ে চলবে ঠান্ডার দাপট

শীতের মারকাটারি ব্যাটিং চলছে, চলবে! আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার ও কাল, শনিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

রাজ্যজুড়ে চলবে ঠান্ডার দাপট
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের মারকাটারি ব্যাটিং চলছে, চলবে! আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার ও কাল, শনিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, রাজ্যজুড়ে কনকনে শীতের আমেজ উপভোগ করা যাবে আরও কয়েকটা দিন। প্রসঙ্গত, বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডা ছিল ভালোই।  আগামী দু’দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বোচ্চ তাপমাত্রাও আগামী দু’দিন স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৭.১ ও ৭.৫ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে দক্ষিণ দিনাজপুরের মাঝিহানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি। দার্জিলিং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি রেকর্ড হয়েছে। এদিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি। সিউড়ি, বহরমপুর, বর্ধমানের তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরেই ছিল। অন্যদিকে, আসানসোল, পানাগড়, কৃষ্ণনগর, কাঁথি, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, বারাকপুরের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রির ঘরে। উপকূলবর্তী এলাকা দীঘা ও কাকদ্বীপের তাপমাত্রা ছিল যথাক্রমে ১০.১ ও ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ