Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত আপাতত কিছু জেলায় ‘শীতল দিন’ পরিস্থিতি

জোরালো উত্তুরে হাওয়ার জেরে কলকাতাসহ রাজ্যজুড়ে সোমবারই জাঁকিয়ে শীত পড়ে গেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা যা থাকবে বলা হয়েছিল, বাস্তবে তার থেকেও তাপমাত্রা কম হয়েছে।

রাজ্যজুড়েই জাঁকিয়ে শীত আপাতত  কিছু জেলায় ‘শীতল দিন’ পরিস্থিতি
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোরালো উত্তুরে হাওয়ার জেরে কলকাতাসহ রাজ্যজুড়ে সোমবারই জাঁকিয়ে শীত পড়ে গেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা যা থাকবে বলা হয়েছিল, বাস্তবে তার থেকেও তাপমাত্রা কম হয়েছে। আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কনকনে শীতের এই আমেজ চলতি সপ্তাহে থাকবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি কুয়াশাও পড়বে সকালে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের  নীচে চলে আসে। দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল কল্যাণী ও বহরমপুর। দুই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছ ৯ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতল এলাকায় শীতলতম স্থান ছিল দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। দার্জিলিংয়ে শীত আরও তীব্র হয়েছে। দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১.৫ ডিগ্রি ছিল। সান্দাকফু, ফালুটের মতো জেলার উঁচু জায়গাগুলিতে তুষারপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

তবে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি রাজ্যে এরারের শীতের মরশুমে হয়নি। আপাতত শৈত্যপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। তবে রাজ্যের কয়েকটি জেলায় ‘শীতল দিন’ পরিস্থিতি আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহ জেলা আছে। রাজ্যের সমতল এলাকার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা সবথেকে কম ছিল মালদহে (১৪.৭ ডিগ্রি)। আজ মঙ্গলবারও এসব জেলায় শীতল দিন পরিস্থিতি থাকতে পারে। কোনও জায়গার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে থাকলে আবহাওয়াগত বিচারে শীতল দিন পরিস্থিতি বলা হয়। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি ছিল। এটা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা (১২.৫ ডিগ্রি) ১০ ডিগ্রির বেশি হওয়ায় আবহাওয়াগত বিচারে কলকাতায় শীতল দিন পরিস্থিতি ছিল না। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির মাঝামাঝি থাকতে পারে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। 
আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, রাজ্যজুড়ে দিনদুয়েকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রির মতো কমতে পারে। তারপর চার-পাঁচ দিন শীতের মাত্রার বিশেষ হেরফের হবে না। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৬ ডিগ্রি কম থাকার কথা জানানো হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা হিমালয় এলাকা থেকে সরে যাওয়ার পর উত্তুরে হাওয়া জোরালো হওয়ার জন্য কনকনে শীত পড়েছে রাজ্যজুড়ে। পশ্চিমি ঝঞ্ঝা থাকলে উত্তুরে হাওয়া কমজোরি হয়ে যায়। তখন তাপমাত্রা কিছুটা বাড়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ