Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

আড্ডার আসরে কফি ও কুকিজ

আড্ডার আসরে কফি ও কুকিজ
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সল্টলেকে ছোট্ট কফিশপ ২৫ মেইন স্ট্রিট কাফে। এখানে পাবেন ভিন্ন স্বাদের কফি ও কুকিজ। বিভিন্ন প্রাকৃতিক উপাদান, ফল ইত্যাদি ব্যবহার করা হয় তা বানাতে। কখনো মহুয়ার স্বাদ পাবেন, কখনো বা কমলালেবুর গন্ধ। আবার একটু বিদেশি স্বাদ চাইলে তাও পাবেন ক্র্যানবেরি জুসে। রেসিপি জানালেন কাফের কর্ণধার পিনাকী দেব।

Advertisement

কোকোনাট জ্যাম কুকিজ

উপকরণ: মাখন ১০০ গ্রাম, ময়দা ১৪০ গ্রাম, কোকোনাট পাউডার ৩০ গ্রাম, চিনি ১২০ গ্রাম, বেকিং পাউডার ৩ গ্রাম, জ্যাম ১০ মিলি।

প্রণালী: মাখন আর চিনি একসঙ্গে ফেটিয়ে নিন। তারপর একে একে ময়দা, কোকোনাট পাউডার, বেকিং পাউডার ও জ্যাম তাতে মেশান ও ফেটান। এরপর তা রেস্টে রেখে দিন আধ ঘণ্টা। ইতিমধ্যে বেকিং ট্রে-র উপর বাটার পেপার পেতে নিন। তার গায়ে অল্প মাখন ব্রাশ করে নিন। তারপর কুকিজের মিশ্রণ থেকে মাঝারি মাপের গোলাকার লেচি বানিয়ে তা বেকিং ট্রেতে সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করে নিন। ইচ্ছে হলে উপর থেকে শুকনো কোকোনাট পাউডার ছড়িয়ে দিন। কুকিজের মাঝখানে এক ফোঁটা জ্যাম দিয়ে ডিজাইনও করতে পারেন।

অরেঞ্জ এসপ্রেসো পিকান্তে

উপকরণ: অরেঞ্জ জুস ৫০ মিলি, ১টা পাতিলেবু (রস করে নেওয়া), কমলালেবুর কোয়া ১টা, কফি এসপ্রেসো শট ৬০ মিলি, বরফ ৪-৫ টুকরো, শুকনো লংকা কোচানো ১টা, ট্রিপল সেক সিরাপ ১/২ চামচ, গুঁড়ো শুকনো লংকা ও গুঁড়ো চিনির মিশ্রণ ১ চামচ।

প্রণালী: একটি ওয়াইন গ্লাস বা অন্য কোনো কাচের গ্লাসের মুখে অল্প পাতিলেবুর রস মাখিয়ে নিন। এবার একটা ছড়ানো পাত্রে গুঁড়ো করা শুকনো লংকা ও চিনির মিশ্রণ নিন। লেবুর রস মাখানো গ্লাসের মুখটা সেই মিশ্রণের উপর ঘুরিয়ে ঘুরিয়ে তাতে কোট করে নিন। তারপর তা ফ্রিজে রেখে সেট হতে দিন। ইতিমধ্যে ককটেল মিক্সার বা বড়ো স্টিলের গ্লাসে অরেঞ্জ জুস, বাকি পাতিলেবুর রস, কফি এসপ্রেসো শট, শুকনো লংকা কুচি, ট্রিপল সেক ও বরফের টুকরো ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। সবটা একসঙ্গে মিশে গেলে ওয়াইন গ্লাসটিতে তা ঢেলে দিন। কমলালেবুর টুকরো সাজিয়ে দিন।

ক্র্যানবেরি আইসড আমেরিকানো

উপকরণ: ক্র্যানবেরি সিরাপ ৪০ মিলি, কফি এসপ্রেসো শট ৬০ মিলি, বরফের টুকরো ৫-৬ টা, জল ১০০ মিলি, চিনির রস পরিমাণ মতো।

প্রণালী: একটা গ্লাসে ক্র্যানবেরি সিরাপ ঢেলে নিন। ককটেল শেকার বা বড়ো স্টিলের গ্লাসে কফি এসপ্রেসো শট, জল, চিনির রস ও বরফ দিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। এবার ক্র্যানবেরি জুস ভরা গ্লাসে এই মিশ্রণ ঢেলে দিন। চাইলে পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করতে পারেন।

ওটমিল নাট অ্যান্ড রেসিন কুকিজ

উপকরণ: মাখন ১১০ গ্রাম, ব্রাউন সুগার ১১০ গ্রাম, ওটস ১০০ গ্রাম, কাজুবাদাম ৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, বেকিং পাউডার ৫ গ্রাম, ময়দা ১৪০ গ্রাম।

প্রণালী: ব্রাউন সুগার আর মাখন একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন। তাতে ওটস, ময়দা, বেকিং পাউডার, কুচিয়ে নেওয়া কাজুবাদাম, কিশমিশ দিয়ে দিন। সম্পূর্ণ মিশ্রণটা ফের ফেটিয়ে নিন। বেকিং ট্রে-তে বাটার পেপার রেখে তাতে মাখন ব্রাশ করে নিন। এবার মিশ্রণ থেকে গোল লেচি কেটে বেকিং ট্রে-তে সাজিয়ে দিন। এক একটা লেচির মাঝে কাঠের পেন্সিল ঢুকিয়ে গর্ত করে রাখুন। এরপর আভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে তা ১৫ মিনিট বেক করে নিন। কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিন কুকিজ তৈরি হল কি না। তারপর আভেন থেকে বের করে বায়ুনিরুদ্ধ পাত্রে ঢেলে রাখুন।              

মহুয়া ক্রিম লাতে

উপকরণ: মহুয়ার ফুল ৪-৫টা, কফি এসপ্রেসো শট ৬০ মিলি, দুধ ১২০ মিলি, চিনির রস ১ চামচ (ঐচ্ছিক), হুইপড ক্রিম ১ শট গ্লাস, কোকো পাউডার পরিমাণ মতো, বরফের কুচি সাজানোর জন্য।

প্রণালী: মহুয়ার ফুল সামান্য থেঁতো করে নিন। এবার একটা ককটেল শেকার বড়ো স্টিলের গ্লাসে থেঁতো করা ফুলগুলো দিন। তারপর একে একে কফি এসপ্রেসো, দুধ, কোকো পাউডার দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। যতক্ষণ না একে অপরের সঙ্গে ভালোভাবে মিশেছে ততক্ষণ বারবার ঝাঁকিয়ে মেশান। এবার একটা লম্বা কাচের গ্লাসে প্রথমে বরফ কুচি দিন। তারপর কফির মিশ্রণটা ঢেলে দিন। যদি চিনির রস দিতে চান তাহলে বরফের উপর চিনির রস ঢেলে একটু নেড়ে নেবেন। তারপর কফির মিশ্রণ ঢালবেন। উপর থেকে হুইপড ক্রিম দিয়ে ইচ্ছেমতো সাজান।

মহুয়া রাগি কুকিজ

 

উপকরণ: মহুয়া ফুল ১ কাপ, মাখন ১  কাপ, চিনি ১  কাপ, রাগি আটা ১ কাপ, এলাচ গুঁড়ো ১ চিমটে, বেকিং পাউডার ১ চামচ, কাজুবাদাম ১  কাপ, দুধ সামান্য।

প্রণালী: কাজুবাদাম আধভাঙা করে নিন। এবার একটা বড়ো পাত্রে প্রথমে রাগি আটা এবং বেকিং পাউডার মেশান। মিশ্রণ ভালো করে চেলে নিন। এবাব তার সঙ্গে চিনি, মহুয়া ফুল, ভাঙা কাজুবাদাম, এলাচ গুঁড়ো, মাখন মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালো করে মাখুন ও একটা মণ্ড বানিয়ে নিন। প্রয়োজনে অল্প দুধ বা জল দিতে পারেন মাখার সুবিধের জন্য। এবার এই মণ্ড রেস্টে রেখে দিন আধ ঘণ্টা। এবার তা থেকে মাঝারি আকারের গোলাকার লেচি বানিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট বেক করুন। আভেন থেকে বের করে কাঁটাচামচ গেঁথে দেখে নিন কুকিজ সম্পূর্ণ বেক হয়েছে কি না। যদি চামচের গায়ে কিছু লেগে না থাকে, বুঝবেন কুকিজ প্রস্তুত।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ