Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি যুদ্ধে মুখোমুখি কোকো গফ ও সাবালেঙ্কা

নতুন রানির খোঁজে রোলাঁ গারো। শনিবার ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে এরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ কোকো গফ।

খেতাবি যুদ্ধে মুখোমুখি কোকো গফ ও সাবালেঙ্কা
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

প্যারিস: নতুন রানির খোঁজে রোলাঁ গারো। শনিবার ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে এরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ কোকো গফ। র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছেন সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে গফ। ধুন্ধুমার দ্বৈরথের প্রতীক্ষায় লাল সুরকির কোর্ট। প্রথমবার ফরাসি ওপেনের শিরোপা জিততে মরিয়া যুযুধান দুই প্রতিপক্ষ। বেলারুশের সাবালেঙ্কার ট্রফি ক্যাবিনেটে ইতিমধ্যেই তিনটি গ্র্যান্ড স্ল্যাম। তবে আইফেল টাওয়ারের শহর বারবার খালি হাতে ফিরিয়েছে তাঁকে। খেতাব জয় দূরের কথা, এর আগে কখনও ফাইনালেই পৌঁছননি তিনি। আমেরিকার গফও একই নৌকার যাত্রী। ২০২২ সালে খেতাবের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতে ফিরতে হয় তাঁকে। পরের মরশুমে ইউএস ওপেন জিতলেও রোলাঁ গারোয় খেতাব অধরাই। শনিবার সাবালেঙ্কাকে বশ মানিয়ে সেই হতাশা ভুলতে চাইছেন গফ। তবে অহেতুক চাপে ভুগতে নারাজ তিনি। ফাইনালের আগে আমেরিকান তরুণীর মন্তব্য, ‘খোলা মনেই কোর্টে নামব। চ্যাম্পিয়ন না হলেও জীবন থেমে যাবে না। নিয়ম করে সূর্য উঠবে আকাশে।’ বোঝাই যাচ্ছে, সব জড়তা লকার রুমে ফেলে ঝরঝরে হয়েই কোর্টে নামবেন তিনি। অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রস্তুত সাবালেঙ্কা। এখনও ট্রফি ক্যাবিনেটে ফরাসি ওপেন নেই। সেই যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে বেলারুশের তারকাকে।

Advertisement

চলতি টুর্নামন্টে দুরন্ত ফর্মে রয়েছেন সাবালেঙ্কা। সেমি-ফাইনালে ইগা গত তিনবারের চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেককে ঝড়ের বেগে উড়িয়ে দিয়েছেন তিনি। ক্লে-কোর্টে ২৬ ম্যাচ পর পোলিশ তারকার অশ্বমেধের ঘোড়া থামালেন সাবালেঙ্কা। শেষ চারে ৭-৬, ৪-৬, ৬-০ সেটে পঞ্চম বাছাইকে বশ মানানো মোটেও সহজ ছিল না। তবে সাবালেঙ্কা অসম্ভব মুডি। নিজের দিনে তিনি অপ্রতিরোধ্য। কিন্তু তাল কাটলেই সমস্যা। অন্যদিকে ফ্রান্সের লয়েস বোয়াসঁকে হারিয়ে ফাইনালের টিকিট পান গফ। খেতাবি লড়াইয়ে দুরন্ত সার্ভিস ও লম্বা র‌্যালিতে সাবালেঙ্কার ছন্দ বিগড়ে দেওয়াই তাঁর লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ