নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষক স্বার্থ বিঘ্নিত করে দেশের অর্থনীতিকে আরও অন্ধকারে ডুবিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ক্ষমা চান মোদি। শনিবার এই দাবিই জানিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা। অর্থাৎ, আগামী বছর উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কেন্দ্র-কৃষক সংঘাতের আবহ ক্রমেই বৃদ্ধি পেতে চলেছে। আগামী ২৬ নভেম্বর দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। দিল্লির সীমানা এলাকাগুলিতে কৃষক আন্দোলনের ছ’বছর পূর্তি হতে চলেছে ওইদিন। দিল্লির পাশাপাশি দেশের অন্যত্রও এই বিক্ষোভ কর্মসূচি হবে। ২৬ নভেম্বরের কৃষক বিক্ষোভে শ্রমিক এবং জেন জি’রাও যোগ দিতে চলেছে। জানা যাচ্ছে যে, দিল্লির কর্মসূচি মিটলেই কৃষকদের ‘ফোকাস’ সরতে চলেছে ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশের দিকে। বিজেপিকে ‘শাস্তি’ দেওয়ার দাবিতে শুরু করা হবে প্রচার আন্দোলন। উত্তরপ্রদেশের পাশাপাশি বিধানসভা নির্বাচন রয়েছে একাধিক রাজ্যে। কিন্তু বিজেপি বিরোধী প্রচারে যোগীরাজ্যই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে আগামী বছর উত্তরপ্রদেশের ভোট বিজেপি শিবিরের কাছে এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এপ্রেক্ষিতে এমন আন্দোলন কর্মসূচি পদ্মশিবিরের জন্য অত্যন্ত অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ জানা যাচ্ছে যে, উত্তরপ্রদেশে মোদি বিরোধী আন্দোলনে সরাসরি শামিল হতে চলেছে ককরোচ জনতা পার্টি। বিজেপিকে হারানোর দাবিতে ময়দানে নামতে চলেছে ককরোচরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে তারা। সিজেপির পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণভাবে জানানো হয়েছে যে, আর কয়েকদিনের অপেক্ষা মাত্র। বিজেপি ক্ষমতা থেকে সরে গেলেই রাজ্যজুড়ে শান্তি ফিরবে। শুধু তাই নয়। ককরোচ জনতা পার্টি সারা দেশেই যে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচিতে অংশ নিচ্ছে, এবার তার অভিমুখ ঘোরানো হয়েছে উত্তরপ্রদেশের দিকেই। সিজেপি নেতৃত্বের অভিযোগ, উত্তরপ্রদেশের প্রতিটি স্কুলেই এই কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হচ্ছে। দিল্লির কর্মসূচি মিটলে এই ইস্যুতে প্রতিবাদ আরও জোরদার করা হবে।



