মেসিকে মেন্টরের ভূমিকায় চাইছেন কোচ স্কালোনি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: সদ্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লায়োনেল মেসি। তবে ক্লাব ফুটবলে আরও কিছুটা সময় খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরইমধ্যে লিওকে জাতীয় দলের মেন্টর হওয়ার প্রস্তাব দিলেন আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি। উল্লেখ্য, মেসির অবসরের পরের ম্যাচেই উরুগুয়ের কাছে বশ মানে তাঁর দেশ। দলে লিডারের অভাব স্পষ্ট। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে বড়ো টুর্নামেন্টের আগে জাতীয় দলে মেসিকে মেন্টর হিসাবে চাইছেন স্কালোনি। সবকিছু ঠিক থাকলে, ২০২৮ কোপা আমেরিকার আগেই আর্জেন্তিনা শিবিরে নতুন ভূমিকায় মেসিকে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে স্কালোনির মন্তব্য, ‘ফুটবলকে মেসির এখনও অনেক কিছু দেওয়া বাকি। ও চাইলে অনায়াসে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারত। তবে আমরা ওর সিদ্ধান্তকে সম্মান করি। ভবিষ্যতে ওকে ভিন্ন ভূমিকায় দেখা গেলেও অবাক হব না। আমরা সকলেই চাই, ও জাতীয় দলের সঙ্গে সর্বদা যুক্ত থাকুক।’ মেসির পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement