নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেক স্টেডিয়ামের ভিতর থেকে ভেসে আসছে কুচকাওয়াজের শব্দ। ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সেনাবাহিনী। আর স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে রুদ্ধদ্বার অনুশীলনে প্রথম ম্যাচের মহড়া সারল ইস্ট বেঙ্গল। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাউথ ইউনাইটেডের মুখোমুখি হবে অস্কার ব্রুজোঁর ছেলেরা। বেঙ্গালুরুর এই অ্যাকাডেমি এবারই ঐতিহ্যশালী টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করছে। দলের সিংহভাগ ফুটবলারই জুনিয়র। রবিবার অনুশীলনে এলেও মাঠে নামেননি লাল-হলুদের তিন বিদেশি কেভিন সিবলে, মিগুয়েল ফিগুয়েরা ও সাউল ক্রেসপো। তবে সোমবার তাঁরা সকলেই বল পায়ে প্রস্তুতি সারলেন। এদিন আরও একবার ফুটবলারদের ফিটনেসের উপর জোর দেন কোচ অস্কার।
গতবার আইএসএলের মাঝপথে দলের দায়িত্ব নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল স্প্যানিশ কোচকে। তার মধ্যে অন্যতম ফুটবলারদের চোট-আঘাত। তাই এবার বাড়তি সতর্ক অস্কার। অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ টিম মিটিং সারেন তিনি। ডুরান্ডের প্রথম ম্যাচে তিন বিদেশিতে শুরু করতে পারে ইস্টবেঙ্গল। দিমিত্রি দিয়ামানতাকোস ও মহম্মদ রশিদের সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে মাত্র দু’দিন অনুশীলন করা সাউল ক্রেসপোকে। উল্লেখ্য, চোটের কারণে গত দু’মরশুমে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। নতুন মরশুমে তাই এই স্প্যানিশ ফুটবলারটিকে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না কোচ অস্কার। তবে সাউলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তাই ডুরান্ড কাপই হতে চলেছে তাঁর অ্যাসিড টেস্ট।
প্রিয় দলের অনুশীলন দেখতে রবিবার যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে প্রায় শ’পাঁচেক সমর্থক হাজির হয়েছিলেন। তবে সোমবার যাঁরা এলেন, তাঁদের ঠাঁই হল ব্যারিকেডের বাইরে। সঙ্গে বাড়তি পাওনা, কালো উর্দিধারী নিরাপত্তারক্ষীদের হুমকি। তাই অনুশীলন শেষে হতাশ হয়েই বাড়ির পথ ধরতে হল তাঁদের। তবে তার মধ্যেই টিম বাস ফেরার সময় দিয়ামানতাকোস-নন্দদের জন্য ছুড়ে দিলেন জয়ের আব্দার।