নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-মেলের পাল্টা মেল। ক্লাবজোটের সুর চড়া। ফেডারেশন নরমসরম। কিন্তু ফুটবলের ভবিষ্যৎ সেই বিশ বাঁও জলে। আগামী ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থার এজিএম। তার আগে ক্রমাগত চাপ বাড়াচ্ছে ক্লাব জোট। বৃহস্পতিবার জোটের তরফে ফেডারেশন সভাপতিকে কড়া ভাষায় মেল পাঠান মোহন বাগান সিইও। রোডম্যাপ নেই। ফুটবল বন্ধ। অচলাবস্থায় তিতিবিরক্ত বিভন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে লিগ আয়োজন করতে ক্লাব জোট বদ্ধপরিকর। তা স্পষ্টভাবে বলা হয়েছে। তবে বাস্তবে তা আদৌ কী সম্ভব? সূত্রের খবর, জোটের প্রস্তাবে ফেডারেনের রাজি হওয়া কার্যত অসম্ভব। কমার্শিয়াল রাইটস বিক্রি করে এতদিন এফএসডিএলের কাছ থেকে বছরে ৫০ কোটি টাকা পেয়েছে এআইএফএফ। যাবতীয় খরচ চালানো হতো সেই ফান্ড থেকে। ক্লাবজোট লিগ আয়োজন করলে ফেডারেশনের অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য। তাছাড়া অবনমন, রেফারি পোস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠবেই। তাই কোনওভাবেই এই উদ্যোগকে মান্যতা দিতে নারাজ ফেডারেশন। সেক্ষেত্রে বিকল্প কী? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রাথমিক হস্তক্ষেপ করলেও আদালতে কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই জল মাপছে ফেডারেশন। রাজধানীর ফুটবল হাউসের খবর, শেষ পর্যন্ত এফএসডিএলকে অনুরোধ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।



