নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শিক্ষাদানের মানোন্নয়নের লক্ষ্যে ডেবরা ব্লকের ছ’টি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টক্লাস রুম চালু করা হচ্ছে। খুদে পড়ুয়াদের আধুনিকমানের শিক্ষালাভের সুযোগ করে দিতে এমনই পরিকল্পনা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। জেলা পরিষদ প্রতিটি ক্লাসরুম সাজিয়ে তুলতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে বরাদ্দ করেছে। ইতিমধ্যেই একটি বিদ্যালয়ে পরিকাঠামো তৈরির সরঞ্জাম পৌঁছে গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, পুজোর আগেই এই স্মার্টক্লাস রুম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরফলে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। একইসঙ্গে পড়াশোনার পদ্ধতিতেও বদল আসবে। কঠিন বিষয়গুলি সহজেই পড়ুয়াদের বোঝানো সম্ভব হবে। শিক্ষকরা জানান, বর্তমানে শিশুরাও মোবাইল ফোনে আসক্ত। এরফলে অনেকেই পড়ায় মন বসাতে পারছে না। স্মার্ট ক্লাসরুম তৈরি হলে উন্নতমানের পাঠদান সম্ভব হবে। জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান জেলার স্কুলগুলিতে উন্নতমানের পরিকাঠামো গড়ে তুলতে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জেলা পরিষদ। আমাদের প্রধান লক্ষ্য সঠিকভাবে পরিষেবা দেওয়া। জেলা পরিষদের শিশু, নারী ও জনকল্যাণ কর্মাধ্যক্ষ শান্তি টুডু বলেন, পিছিয়ে পড়া এলাকার পড়ুয়ারাও যাতে আধুনিক পদ্ধতিতে পড়াশোনা করতে পারে, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা। প্রথম ধাপে ছ’টি স্কুলে শুরু হলেও পরবর্তীকালে আরও স্কুল যুক্ত হবে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকী, খড়্গপুর আইআইটির সঙ্গেও যোগাযোগ করা হবে বিশেষজ্ঞদের অনলাইন শিক্ষাদানের জন্য।



