সংবাদদাতা, বোলপুর ও সিউড়ি: বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে নবম শ্রেণির ছাত্রীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভে সরব হল পড়ুয়ারা। কিন্তু ওই ঘটনার পর থেকে স্কুলের বাথরুমে একা যেতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। এদিন ক্লাস বয়কট করে প্রধান শিক্ষিকা তৃষ্ণা কুণ্ডুকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। বিক্ষোভে শামিল ছাত্রীদের দাবি, স্কুল প্রাঙ্গণে ও বাথরুমে নিরাপত্তা আরও বাড়াতে হবে। দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে।
এই ঘটনায় জেলার শিক্ষাদপ্তর তৎপর হয়েছে। বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনার পুনরাবৃত্তি রুখতে জেলার প্রতিটি স্কুলের স্টুডেন্ট সেফটি সিকিউরিটি কমিটিকে দ্রুত বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে, প্রয়োজন অনুসারে অন্বেষা ক্লিনিকের মাধ্যমে পড়ুয়াদের কাউন্সেলিং করা হবে। মূলত পড়ুয়াদের মনের অবস্থা জানতে এই পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। সম্প্রতি জেলার বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্তর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তিনি বলেন, পড়ুয়াদের মন বোঝার জন্য স্বাস্থ্যদপ্তরের সহযোগিতায় কাউন্সিলিং করা হবে। ইতিমধ্যে এনিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনাও হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার স্কুলর বাথরুমেই ওই ছাত্রীর উপর একাদশ শ্রেণির দুই ছাত্রী হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তার চোখ, মুখ চেপে রেখে হাত কেটে দেওয়া হয়। এই নিয়ে শনিবারই তড়িঘড়ি বৈঠক ডাকেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সেখানে অভিভাবকদের সামনে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হলেও ছাত্রীর উপর হামলার কোনও ঘটনা কারো নজরে পড়েনি বলে দাবি করা হয়। তাই ওই ছাত্রীর হাত কীভাবে কাটল, সেই নিয়ে রহস্য বাড়ছে। তা দেখতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের শিক্ষিকাদের অভিযোগ, একাদশ শ্রেণির ক্লাস চলাকালীন বিশৃঙ্খলার বাধানোর চেষ্টা করেন কিছু অভিভাবক ও বহিরাগত। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমাদের শতাব্দী প্রাচীন স্কুলের ভাবমূর্তি কেউ কেউ পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা করছেন। আমরাও চাই, ওই ছাত্রীর সঙ্গে আদতে কী ঘটনা ঘটেছে, কেউ অভিযুক্ত রয়েছে কি না, তা প্রকাশ্যে আসুক। সেজন্য ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে স্কুলে যে পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে, তা মোটেই কাম্য নয়। তাতে পড়ুয়াদের পঠন-পাঠনেও খারাপ প্রভাব পড়বে। সেজন্য ছাত্রী ও অভিভাবকদেরও সংবেদনশীল হতে হবে।
তিনি বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও হুঁশিয়ারি দেওয়া হয়নি। এটা পরিচালন কমিটির নির্দেশ। সেটাই আমি গ্রুপে বলেছি। তার অপব্যাখ্যা করা হয়েছে। -নিজস্ব চিত্র