Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচিল নির্মাণ ঘিরে অশান্ত ফরিদপুর, ভাঙল পুলিস গাড়ির কাচ

পাঁচিল নির্মাণ ঘিরে অশান্ত ফরিদপুর, ভাঙল পুলিস গাড়ির কাচ
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার ফরিদপুর থানার রসিকডাঙায় পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিস পরিস্থিতি সামাল দিতে এলে এলাকাবাসীর ছোড়া ইটে পুলিস গাড়ির কাচ ভেঙে যায়। যদিও ঘটনায় কেউ জখম হয়নি। পুলিস ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। বাকি বেশ কিছুজন পলাতক রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোগলা গ্রাম পঞ্চায়েতের রসিকডাঙা গ্রামে বাগদি পাড়ায় একটি গলি রাস্তা রয়েছে। ওই রাস্তার সামনে একজন পাঁচিল নির্মাণের  কাজ শুরু করছিল। ওই পাঁচিল নির্মাণে বাধা দেয় ধাঙড় পাড়ার বাসিন্দারা। 
তাঁদের অভিযোগ, রাস্তার পাশে পাঁচিল দিলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়বে। ফলে তাঁদের যাতায়াতে সমস্যা হবে। এমন আপত্তি তুলতেই দু’পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা হয়। বচসা থেকে ধস্তাধস্তি ও ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। পুলিস পরিস্থিতি সামল দিতে আসে। তখন এলাকাবাসীর ছোড়া একটি ইটে পুলিসের গাড়ির কাচ ভেঙে যায়। পুলিসকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।
স্থানীয় বাসিন্দা বিনোদ ধাঙড় বলেন, ওই গলি রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। সেই রাস্তার পাশে পাঁচিল নির্মাণ  করা হচ্ছিল। বাধা দিলে বাগদি পাড়ার লোকজন আমাদের উপর চড়াও হয়।
এসিপি (অণ্ডাল) পিন্টু সাহা বলেন, পুলিসের কেউ জখম হয়নি। এলাকাবাসীদেরও কেউ জখম হয়নি। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। যাতে কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিনের  ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ