নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্কুলে অলিম্পিয়াডের পরীক্ষা চলছিল মঙ্গলবার। সেই পরীক্ষা দিয়ে চারতলায় ওঠার সিঁড়ি দিয়ে সহপাঠীদের সঙ্গে নিজের ক্লাসে ফিরছিল দমদমের একটি নামী বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। সেই সময় আচমকা সহপাঠীদের সামনে সিঁড়ির গার্ডওয়াল টপকে নীচে পড়ে যায় সে। গুরুতর জখম ওই পড়ুয়াকে দমদমের এক বেসরকারি হাসপাতালে তৎক্ষণাৎ ভরতি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে। পড়ুয়ার বাড়ি রাজারহাট এলাকায়। পুলিশ জানিয়েছে, ছাত্রের মাথা সহ শরীরে গুরুতর চোট রয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সহপাঠীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলে অলিম্পিয়াড পরীক্ষা ছিল। ফলে ওই পরীক্ষায় বসার জন্য ছাত্রছাত্রীদের উপর কোনো চাপ ছিল না। তাই পরীক্ষায় বেশি পড়ুয়া অংশ নেয়নি। তবে অষ্টম শ্রেণির কিছু পড়ুয়ার মধ্যে ওই পড়ুয়াও এদিন পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা দিয়ে বেরিয়ে এক সহপাঠীকে পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছিল। পরীক্ষা শেষ করে সহপাঠীদের সঙ্গে সে নিজের ক্লাসে ফিরছিল সিঁড়ি দিয়ে। চার তলার ওঠার সময় আচমকা সিঁড়ির তিন ফুটের গার্ডওয়াল টপকে ঝাঁপ দেয়। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরা চিৎকার শুরু করে। ওই সময় আচমকা একতলায় লাইব্রেরির কাছে উপর থেকে নীচে ভারী কিছু পড়ার শব্দ পান স্কুলের অশিক্ষক কর্মচারী ও শিক্ষকরা। দ্রুত তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপর রক্তাক্ত পড়ুয়াকে উদ্ধার করে নাগেরবাজার লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম ছাত্রের পরিবারকেও খবর দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ুয়ার মাথায় গুরুতর চোট রয়েছে। শিরদাঁড়া সহ শরীরের একাধিক জায়গা আঘাত রয়েছে। দুপুরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে ওই পড়ুয়াকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিন খবর পেয়ে দ্রুত দমদম থানার পুলিশ স্কুলে পৌঁছে ঘটনাস্থল খতিয়ে দেখে। কিন্তু সিঁড়ি থেকে ওই পড়ুয়া নিজে ঝাঁপ দিল, নাকি কেউ ঠেলেছে? নিজে ঝাঁপ দিলে পরীক্ষা দিয়ে বেরিয়ে কেন ঝাঁপ দিল? কোনো সহপাঠীর সঙ্গে সমস্যা, নাকি পড়ার চাপ? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি জখম ছাত্রের সহপাঠীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে সেখান থেকে খুব একটা স্পষ্ট ছবি উঠে আসেনি। এদিন হাসপাতালে আসা শিক্ষকদের একাংশ বলেন, তাঁদের স্কুলে এমন ঘটনা কখনও ঘটেনি। কী কারণে এই ঘটনা তাঁরাও কিছু বুঝতে পারছেন না। জখম পড়ুয়ার পাশে তাঁরা রয়েছেন। সবরকমভাবে পড়ুয়াকে সুস্থ করার চেষ্টা চলছে। এদিন হাসপাতালে আসা পরিবারের সদস্যরা শোকে মূহ্যমান ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। স্থানীয় বাসিন্দা অঙ্কুশ দত্ত, নীল সরকার বলেন, নিরপেক্ষ তদন্ত করে স্কুল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা উচিত।



