Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলামবাজারে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, চাঞ্চল্য

বুধবার সকালে ইলামবাজারের নামো দেলোরা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা, পরে তীব্র সংঘর্ষ বাধে।

ইলামবাজারে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, চাঞ্চল্য
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের লড়াইয়ের আবহে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের ইলামবাজার। বুধবার সকালে ইলামবাজারের নামো দেলোরা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা, পরে তীব্র সংঘর্ষ বাধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়েত কার দখলে থাকবে, তা নিয়েই দুই গোষ্ঠী মধ্যে লড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ সেন্টু ও আব্বাসউদ্দিন শেখ নামের দুই স্থানীয় নেতার গোষ্ঠীদের মধ্যে এদিন মারামারি হয়। অভিযোগ, দু’ পক্ষই বাঁশ ও লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এক তৃণমূল কর্মীর বাড়িতে ও খড়ের পালুইয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নতুন করে এলাকায় গন্ডগোল এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইলামবাজার থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। উভয়পক্ষের কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিস।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর সদস্যরাই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী। অথচ অভিযোগ, এই সংঘর্ষে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে ও খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাঁশ ও লাঠির আঘাতে বেশ কয়েকজনের মাথা ফেটেছে, যাদের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিতের নেতৃত্বে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টিকে গ্রাম্য বিবাদ বলে জানিয়েছেন ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান। তিনি বলেন, পুলিস প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ইলামবাজারে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এলাকাবাসীদের মধ্যে হাসিনা বিবি ও রশিদা বিবি বলেন, গ্রামের সকলেই তৃণমূল। তারপরেও কেন ঝামেলা হচ্ছে বুঝতে পারছি না। আমরা আতঙ্কে আছি। প্রসঙ্গত, বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও, এবার মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নিজের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিষয়টিকে কটাক্ষ করে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘কাটমানির ভাগ নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে খেয়খেয়ি লেগেই আছে। আগে কাজল-কেষ্ট লড়াই হতো। এখন নিচুতলার নেতাদের মধ্যেও লড়াই লেগে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ