Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেট খেলা ঘিরে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার, গাড়ি ভাঙচুর, শিলিগুড়ি টাউন স্টেশন এলাকায় জখম ৪

দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার। ১১ দিন আগে হয়ে যাওয়া ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে বুধবার ফের খণ্ডযুদ্ধ বাধে শিলিগুড়ির দু’টি পাড়ার মধ্যে।

ক্রিকেট খেলা ঘিরে দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার, গাড়ি ভাঙচুর, শিলিগুড়ি টাউন স্টেশন এলাকায় জখম ৪
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুই পাড়ার মধ্যে ধুন্ধুমার। ১১ দিন আগে হয়ে যাওয়া ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে বুধবার ফের খণ্ডযুদ্ধ বাধে শিলিগুড়ির দু’টি পাড়ার মধ্যে। একটি বাগরাকোট, অপরটি টিকিয়াপাড়া। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। সঙ্গে চলে পাথর বৃষ্টি। ঘটনায় চারজন জখম হন। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন পুলিস কমিশনার সি সুধাকর। উত্তেজিতদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি মৃদু লাঠিচার্জ করতে দেখা যায় পুলিসকে। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিস পিকেট। পুলিস কমিশনার বলেন, ক্রিকেট ম্যাচ নিয়ে বিবাদের জেরে ওই গোলমাল। সংশ্লিষ্ট দু’টি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

Advertisement

শিলিগুড়ি টাউন স্টেশনের একদিকে বাগরাকোট, অন্যদিকে টিকিয়াপাড়া। ২০ এবং ২৮ নম্বর ওয়ার্ডের অধীনে। দু’টি পাড়ার মাঝ দিয়ে গিয়েছে রেল লাইন। এদিন দুপুরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার অভিযোগ তুলে বাঁশ, বাটাম, রড নিয়ে বাগরাকোটের উত্তেজিত বাসিন্দাদের একাংশ টিকিয়াপাড়ায় অভিযান চালায়। পাল্টা টিকিয়াপাড়ার একাংশ বাসিন্দা লাঠি নিয়ে রাস্তায় নামে। কিছুক্ষণ ধরে চলে ইটবৃষ্টি। টোটো, মালবাহী ছোটগাড়ি সহ চারটি গাড়ি ভাঙচুর করা হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। 
সংশ্লিষ্ট দু’টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভয়া বসু ও ২৮ নম্বরের কাউন্সিলার সম্পৃক্তা দাস দু’জনেই বলেন, কিছুদিন আগে ছোটদের ক্রিকেট ম্যাচ নিয়ে ঝামেলা হয়। তা মিটেও যায়। সেই গোলমালের ঘটনাকে সামনে এনে কারও উস্কানিতে এদিন গণ্ডগোল পাকানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি পুলিসের কাছে জানিয়েছি। 
এদিন ঘটনার সময় তিনজন ডিসিপিকে নিয়ে এলাকায় পৌঁছন পুলিস কমিশনার। তাঁদের উপস্থিতিতে র‌্যাফ ও সশস্ত্র পুলিস কর্মীরা লাইনের দু’পারে দফায় দফায় অভিযান চালান। তাতেও কাজ না হওয়ায় তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিস। পুলিস অফিসাররা জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার ও ১২ জনকে আটক করা হয়েছে। 
গত ২৯ জুন ২০ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে অশান্তি ছড়ায় ৬ এবং ১৮ নম্বর ওয়ার্ডের দুই দলের মধ্যে। দুই দলের বাগরাকোট, টিকিয়াপাড়া ও ডাঙিপাড়ার খেলোয়াড়রা ছিল। দুই ওয়ার্ডের কাউন্সিলারদের মধ্যস্ততায় ঝামেলা মিটলেও চাপা অসন্তোষ ছিলই। এই অবস্থায় মঙ্গলবার হকার্স কর্নার থেকে বাগরাকোটের এক যুবককে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতেই শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখান এলাকার একাংশ। বুধবার সকালে এনিয়ে আসরে নামেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি শিলিগুড়ি থানার বাইরে বসে বিক্ষোভ দেখান। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ