বিশেষ সংবাদদাতা, ইটানগর: ভারত-মায়ানমার সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের লংডিং জেলায় বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পংচাউ সার্কেল এলাকায় অজ্ঞাত সশস্ত্র জঙ্গি সংগঠনের সদস্যদের গতিবিধি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মিলেছিল। বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনী এলাকায় টহল শুরু করে। ঘন জঙ্গলে টহলের সময় বাহিনী অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে। তখনই আচমকা জঙ্গলের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী পালটা গুলি চালালে জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ানমারে পালিয়ে যায়। গোটা এলাকায় রাতভর তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।



