সংবাদদাতা, ইসলামপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর স্বামীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগকে কেন্দ্র করে গণ্ডগোল গোয়ালপোখর ব্লকের রাসকুড়া এলাকায়। প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ হাফিজ উদ্দিন বলেন, গত ২১ জুলাই রাসকুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জাহিরুন্নিশা ও তাঁর স্বামী কবিরুদ্দিন আমার বাড়ি এসে একটি ভাঙা তালা দেখান। তাঁরা বলেন, সেন্টার থেকে চাল চুরি গিয়েছে। আমি তাঁদের পুলিসে অভিযোগ করার পরামর্শ দিই। এরপর সেই রাতেই খবর পাই কেন্দ্র সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চালের বস্তা বের করে কবিরুদ্দিন ও কয়েকজন নিয়ে যাচ্ছেন।



