নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর দিনেই শুধু বাজি পোড়ানোর সরকারি অনুমতি ছিল। কিন্তু অন্যান্য বছরের মতো এবারও দেদার শব্দবাজি ফাটল কালীপুজোর পরের দিন। শব্দমাত্রা শিকেয় তুলে চলল নিয়ম ভাঙার উৎসব! ভোররাত পর্যন্ত কান ঝালাপালা হওয়ার জোগাড় শহরবাসীর। কালীপুজোর রাতের মতোই সোমবার গভীর রাত পর্যন্ত বহু অভিযোগ জমা পড়ল লালবাজারের কন্ট্রোল রুমে। শব্দবাজি ফাটানোর অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি। তবে প্রশাসনিক তৎপরতার ছবি পরিসংখ্যান দিয়ে পেশ করা হলেও বাস্তব বলছে অন্য কথা। অনেকেরই অভিযোগ, পুলিশের নজরদারি অনেক কম ছিল। শব্দতাণ্ডবের অভিযোগ করা হলেও আসেনি পুলিশ।
সোমবার সকাল থেকেই অল্পবিস্তর শব্দবাজি ফাটা শুরু হয়। বেলেঘাটা, নারকেলডাঙা, কাঁকুড়গাছি, ফুলবাগান, এন্টালিসহ কলকাতা পুলিশের ইস্ট সাবার্বান ডিভিশনের বিস্তীর্ণ এলাকায় এই ছবি নজরে এসেছে। সন্ধ্যার পর থেকে রীতিমতো শব্দতাণ্ডব শুরু হয়। এরপর রাত যত বেড়েছে, যাদবপুর, গল্ফগ্রিন, নেতাজিনগর, পাটুলি, ঠাকুরপুকুর, হরিদেবপুর, বেহালায় কান পাতা দায় হয়ে পড়ে। উত্তর কলকাতার বিভিন্ন জায়গায়ও ছবিটা বদলায়নি। দমদম, বারাকপুর, বারাসত, নরেন্দ্রপুরসহ শহরতলির বিভিন্ন এলাকায়ও দেদার ফেটেছে নিষিদ্ধ বাজি। কালীপুজোর রাতে বেআইনি বাজি ধরতে বাড়তি বাহিনী মোতায়েন রেখেছিল লালবাজার। সোমবারও তাঁদের দেখা গিয়েছে। কিন্তু সক্রিয়তা বিশেষ ছিল না বলে অভিযোগ। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার নিষিদ্ধ বাজি পোড়ানো ও অভব্যতার অভিযোগে মোট ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ১০৫ কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। রাস্তায় মদ্যপানের অভিযোগ উঠছে শহরের বহু জায়গায়। সেসব জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। অন্যদিকে, এদিন রাস্তায় যানবাহনের বিধি ভাঙার মাত্রা কালীপুজোর দিনের থেকেও বেড়ে যায়। তবে এক্ষেত্রে পুলিশি সক্রিয়তা নজরে এসেছে। সোমবার ট্রাফিক বিধি ভাঙায় মোট ৮৯০টি জরিমানার মামলা করেছে লালবাজার।
কালীপুজোর পরের দিন শব্দবাজির তাণ্ডব রোখার ক্ষেত্রে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শহরবাসীর একাংশ। তাদের মতে, পুলিশ বাজির বিকট শব্দ শুনেও কিছু করছে না। রাখী মিত্র থাকেন গল্ফগ্রিনে। তিনি বলছিলেন, ‘পুলিশ অকর্মণ্য হয়ে গিয়েছে। রাত ২টোর পরও গল্ফগ্রিন চত্বরে দেদার বাজি ফেটেছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। তারপরও কোনো পদক্ষেপ করা হয়নি।’ একই অভিযোগ হরিদেবপুরের এক প্রবীণেরও (নাম প্রকাশে অনিচ্ছুক)। তাঁর মতে, ‘পুলিশের তরফে প্রতিবার ঘোষণা করা হয়, ২ ঘণ্টা বাজি পোড়ানো যাবে আর শব্দবাজি নিষিদ্ধ। কিন্তু, কোনোবারই তা মানা হয়নি। তাহলে ঘটা করে এসব ঘোষণার দরকার কি? সব আসলে লোক দেখানো!’



