Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শহর, একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছ, ভাঙল সাউথ সিটি মলের কাঁচ

তীব্র গরমের দাবদাহ থেকে মিলল সাময়িক মুক্তি। আজ, শুক্রবার দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি নামে শহর কলকাতায়। সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া।

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শহর, একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছ, ভাঙল সাউথ সিটি মলের কাঁচ
  • ২৯ মে, ২০২৬ ১৭:৩৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র গরমের দাবদাহ থেকে মিলল সাময়িক মুক্তি। আজ, শুক্রবার দুপুরেই আকাশ কালো করে বৃষ্টি নামে শহর কলকাতায়। সঙ্গে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। ঝড়ে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ল শহরের যান চলাচল। গ্র্যান্ড হোটেলের সামনে ভেঙে পড়ে গাছ। অন্যদিকে, মুদিয়ালিতে একটি ক্যাবের উপর ভেঙে পড়ে গাছ। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। ঝড়ের তাণ্ডবে সাউথ সিটি মলের একাধিক কাঁচ ভেঙে যায়। হরিশ মুখার্জী রোডে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এসএসকেএম হাসপাতালেও একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। রেড রোড এবং সল্টলেকের একাধিক জায়গায় গাছ পড়ার খবর মিলেছে। বৃষ্টিতে জল জমে যায় ঠনঠনিয়া কালীবাড়ি এবং সিআর অ্যাভিনিউ এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাস দাঁড়াতে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। অন্যদিকে মধ্যমগ্রাম স্টেশনে কাছে গাছ পড়ায় ছিঁড়ে যায় ওভারহেড তার। ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল। ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদহ এবং হাওড়া দুই লাইনেই ট্রেন পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। কবি সুভাষ এবং ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মাঝে লাইনে গাছ পড়ায় সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা। এছাড়া ঝড়ে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের টিনের শেড উড়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু করেন মেট্রো রেলের কর্মীরা। মোটের উপর এদিন দুপুরের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে শহর কলকাতার স্বাভাবিক জনজীবন। জানা গিয়েছে, শহরের এয়ারপোর্টের রানওয়েতেও জল জমে গিয়েছে। তার ফলে বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দিয়েছে। 

Advertisement

গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন দুপুরের পর থেকেই ঝড়-বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছিল দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেই পূর্বাভাস অনুযায়ী আজ দুপুর থেকেই শুরু হয় বজ্রপাত সহ তুমুল বৃষ্টি। শহর কলকাতায় ঘণ্টায় ৮৮ কিমি বেগে ঝড় হয় বলে সূত্রের খবর। উত্তর ২৪ পরগনাতেও প্রবল ঝড় হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিমি। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তরবঙ্গের একাধিত জেলাতেও। মালদহ, দুই দিনাজপুরে একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ শনিবারও ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ