নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার মাঝরাতে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের সরিষার বাড়িতে হানা দিল সিআইডি ও পুলিশ। দীর্ঘক্ষণ বাড়ির দরজায় ধাক্কা মারলেও কেউ ভিতর থেকে খুলতে আসেননি। চলে ডাকাডাকি। বহুক্ষণ ধরে অপেক্ষা করার পর অফিসাররা ফিরে যান। সিসি ক্যামেরার ফুটেজে অফিসারদের উপস্থিতি রেকর্ড হয়েছে। যদিও কী কারণে বিধায়কের বাড়িতে অত রাতে গিয়েছিলেন তদন্তকারীরা, তা স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের দাবি, কিছুদিন আগে সরিষার পার্টি অফিস থেকে যে বিপুল অর্থ উদ্ধার হয়েছিল, সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করতে শামিমের বাড়িতে যান সিআইডি ও পুলিশ অফিসাররা। এছাড়াও একটি কাটমানি নেওয়ার অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করার কথা ছিল গোয়েন্দাদের।
শুধুই কি জিজ্ঞাসাবাদ, নাকি গ্রেপ্তার করারও উদ্দেশ্য ছিল তাঁদের, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে, সিআইডি অফিসারদের রাতের বেলা আসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়কের বাবা মহম্মদ জয়নাল আবেদিন মোল্লা। তিনি বলেন, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ঘরে শুধু আমি, বউমা ও নাতি-নাতনি রয়েছে। তাই ভয়ে আমরা দরজা খুলিনি। এইভাবে রাতের বেলায় একপ্রকার হেনস্তা করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা আদালতে যাব। তবে ভোটের ফলাফল প্রকাশের পর শামিম এই বাড়িতে বহুদিন আসেননি বলে তিনি জানিয়েছেন। শুধুমাত্র মা মারা যাওয়ার পর ছেলে একদিন এসেছিল বলে দাবি তাঁর। ছেলে কোথায় থাকেন, সেটাও জানেন না বাবা।



