সংবাদদাতা, বোলপুর: বৃহস্পতিবার ভোরে দুই দাগী চোরকে হাতেনাতে ধরল বোলপুর থানার পুলিস। তারা বোলপুরের লায়েকবাজার এলাকা থেকে সাইকেল ও অন্যান্য চুরি করা সামগ্রী পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিস। তাদের কাছ থেকে ১৭টি সাইকেল সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে বলে বোলপুর থানাসেূত্রে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরে বোলপুর শহরের বিভিন্ন প্রান্তে সাইকেল সহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছিল। তদন্তে নেমে পুলিস জানতে পারে এই চুরির ঘটনায় একটি চক্র জড়িয়ে রয়েছে। তার প্রেক্ষিতে শহরের বিভিন্ন প্রান্তে নজর রেখেছিল পুলিস। এদিন ভোরবেলা সাইকেলগুলি একটি গাড়ি করে পাচার করার চেষ্টা করছিল ওই দুই ধৃত। দীর্ঘদিন ধরেই তারা এই অপকর্মের সঙ্গে যুক্ত বলে পুলিস জানতে পেরেছে। অভিযুক্তের নাম সোমনাথ বাগদি ওরফে হোল্ডার ও মাধব পত্রকার। তাদের গ্রেপ্তার করার পাশাপাশি সাইকেলগুলি উদ্ধার করেছে পুলিস। এদিন তাদের বোলপুর আদালতে তোলা হলে অভিযুক্তদের দু’ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। এ প্রসঙ্গে বোলপুর থানার এক আধিকারিক বলেন, এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সাইকেল প্রকৃত দাবিদারদের হাতে খুব শীঘ্রই তুলে দেওয়া হবে। পুলিসের এই পদক্ষেপে খুশি এলাকাবাসী।



