সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাররা গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারদিন ধরে খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মী রাখী প্রামাণিকের বিরুদ্ধে। রাখি বলেন, আমি অসুস্থতার কারণে যেতে না পারায় খাবার দেওয়া হয়নি।
Advertisement
যদিও স্থানীয়দের দাবি, নানা অজুহাতে কেন্দ্রে আসেন না দায়িত্বে থাকা ওই অঙ্গনওয়াড়ি কর্মী। কেন্দ্র থেকে নিম্নমানের খাবার দেওয়া হয় বলেও স্থানীয়দের অভিযোগ। কালীপুজোর বাহানায় এই সপ্তাহে চারদিন খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সিডিপিও আব্দুস সাত্তার বলেন, অভিযোগটি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা নওশাদ আলি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়মিত খাবার দেন না। এই নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার গণ্ডগোল হয়েছে অভিভাবকদের। এমনকী ওই কর্মী নিয়মিত সেন্টারে আসেন না। গ্রামের এক আশাকর্মীর বাড়িতে চলছে সেন্টার। অঙ্গনওয়াড়ি কর্মী রাখির সাফাই, আমার সেন্টার রয়েছে মুকুন্দপুরে। এটা অতিরিক্ত দায়িত্ব নিয়ে চালাতে হচ্ছে। এখানে কোনও সরকারি সহায়িকা নেই। স্থানীয় এক মহিলাকে দিয়ে রান্না করাতে হয়। তাই মাঝে মধ্যে খাবার দিতে সমস্যা হয়।



