Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চায়ের দোকানে কমেছে বিক্রি, আত্মঘাতী যুবক

চায়ের দোকানে কমেছে বিক্রি, আত্মঘাতী যুবক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চায়ের দোকানে বিক্রি কমে যাওয়ায় এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। পুলিস জানিয়েছে, মৃতের নাম হিমাংশু রায় (৩৮)। তাঁর আসল বাড়ি ধূপগুড়ির পূর্ব ডাউকিমারিতে হলেও কয়েক বছর ধরে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে জলপাইগুড়ির গোমস্তাপাড়ায় ভাড়া থাকতেন। কদমতলা এলাকায় চায়ের দোকান রয়েছে তাঁর।
Advertisement
মৃতের শ্বশুর রণজিৎ ঘোষ বলেন, কিছুদিন ধরে ওর ব্যবসা ভালো চলছিল না। এনিয়ে দুশ্চিন্তা ছিল জামাইয়ের। এরই জেরে ও আত্মহত্যা করেছে বলে আমাদের অনুমান। যদিও পরিজনদের বক্তব্য, দোকানে বিক্রি কমে গিয়েছে বলে আত্মহত্যা করবে, এমন ছেলে নয় হিমাংশু। এর পিছনে পারিবারিক কোনও বিষয় রয়েছে বলে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের দু’টি ছেলে। একটির বয়স ১১, অন্যটির ৯। স্ত্রী পরিচারিকার কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে ছোট ছেলেকে নিয়ে কাজে বেরিয়েছিলেন স্ত্রী। বড় ছেলে হিমাংশু কাছেই ছিল। খাবার কেনার জন্য তাকে ১০ টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন তিনি। টাকা নিয়ে বড় ছেলে দোকানে গেলে সেই সুযোগে ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হিমাংশু। 
ছেলে ফিরে এসে বাবাকে ডাকাডাকি করে। কিন্তু দরজা না খোলায় সে কাঁদতে থাকে। এরপরই আশপাশের লোকজন টের পেয়ে এসে দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখেন। তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে যান। সেখানেই হিমাংশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়।   
সম্পর্কিত সংবাদ