Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ার সিপিএম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান

চাপড়ার সিপিএম পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার সন্ধ্যায় চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েতের এক সিপিএম সদস্য তৃণমূলে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান। সেই সঙ্গে আরও প্রায় ২০০ জন সিপিএমের কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।  উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ছিল ১৭টি আসন। সিপিএমের দখলে দু’টি এবং বিজেপির দখলে একটি আসন ছিল। মাসখানেক আগে সিপিএমের এক সদস্য তৃণমূলে যোগ দেন। বুধবার সন্ধ্যায় অপর সিপিএম সদস্যও তৃণমূলে যোগ দিলেন। বর্তমানে হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই বিরোধী শিবির ছেড়ে পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। তার সঙ্গে প্রায় ২০০ জন কর্মী সমর্থক শাসক শিবিরে নাম লিখিয়েছেন। চাপড়ার সিপিএম নেতা জাহাঙ্গীর শেখ বলেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই আমাদের সদস্যদের ভয় দেখিয়ে আসছিল তৃণমূল। মানুষ আগামী দিনে ভোট বাক্সে এর জবাব দেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ