নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ন্যাশনাল মেডিকেল কমিশনের (এনএমসি) বিধি অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গ হয়েছে। এই কথা জানিয়ে চোরবাগান কাণ্ডে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের আটজন ইন্টার্নকে শো-কজ করল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় পড়েছে রাজ্যের চিকিৎসকও মেডিকেল পড়ুয়া মহলের একাংশে। ৭২ ঘণ্টার মধ্যে এই চিঠিতে করা প্রশ্নের জবাবদিহি করে উত্তর পাঠাতে বলা হয়েছে ইন্টার্নদের।
কী বলেছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? ছাত্রছাত্রীদের পাঠানো শো-কজ চিঠিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমে বিবৃতি জারি করা এনএমসি’র ৫ নম্বর রেগুলেশনের ১ নম্বর সিডিউল (২সি) অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে ইন্টার্নশিপ বাতিল পর্যন্ত হতে পারে। চিঠির শেষ অংশে দুটি প্রশ্নের উত্তর সাফ সাফ জানতে চাওয়া হয়েছে। প্রথমত—ঘটনার সময় ডিউটি করছিলেন না কেন? দ্বিতীয়ত, কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?
এদিকে মেডিকেলের এই ৮ জুনিয়র ডাক্তারকে শো-কজ করার নিদানের তীব্র সমালোচনা করে পালটা বিবৃতি জারি করেছে একাধিক চিকিৎসক সংগঠন। মেডিকেল সার্ভিস সেন্টার জানিয়েছে, ডাক্তার-নার্স-কর্মীদের উপর শাস্তির খাঁড়া না ঝুলিয়ে, নতুন সরকার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে বরং নজর দিক। এআইডিএসও-ও এই সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি দিয়েছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস ওই শো-কজে জানিয়েছেন, ১৭ অক্টোবর চোরবাগানের পুজো প্যাণ্ডেলে পদপিষ্ট হওয়ায় ১৭ জনকে মৃত অবস্থায় মেডিকেলে আনা হয়। এছাড়াও অসংখ্য মানুষের সেইসময় মেডিকেল কলেজে চিকিৎসা চলছিল। ১৪ জনকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এমন একটি সময়ে হাসপাতালের কর্তব্যরত ইন্টার্নরা বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সামনে এখানকার পরিকাঠামোর সমালোচনা করেন। একাধিক জীবনদায়ী ওষুধপত্র অমিল বলে জানান। এই ধরনের অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে দাবি করে মেডিকেলের অধ্যক্ষ ওই কারণ দর্শানোর চিঠিতে বলেছেন, এতে প্রতিষ্ঠানের বদনাম হয়েছে। শুধু তাই নয়, জখমদের ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার সময় এ ধরনের সাংবাদিক সম্মেলনের জেরে এক ধরনের হইচই-ঝুটঝামেলার সৃষ্টি হয়। শো-কজ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে আট ইন্টার্নের অন্যতম ডাঃ সৌম্যদীপ দে’কে বহুবার ফোন ও হোয়াটসঅ্যাপ করা হয়। তিনি ফোন ধরেননি। কোনো উত্তরও দেননি।



