সংবাদদাতা, ঘাটাল: তৃণমূল নেতার বড় পাকা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তার নামে আবাস প্রকল্প মঞ্জুর হল। এই নিয়ে চন্দ্রকোণা-২ ব্লকের খুড়শি গ্রামে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন তৃণমূলের ওই ব্লক সভাপতি তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হীরালাল ঘোষ। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। গ্রামপঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাজের গাফলতির জন্যই এসমস্ত ঘটনা ঘটছে। বিষয়টি গ্রাম সংসদে পাশ করিয়ে নেওয়া যেত তাহলে এমনটা হত না।
Advertisement
ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েতের খুড়শির তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডলের নিজস্ব একটি পাকা বাড়ি রয়েছে। তবু তিনি সম্প্রতি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ওই ঘটনা জানাজানি হওয়ার পরই তিনি অস্বস্তিতে পড়েছেন। তিনি টাকা পাওয়ার কথা স্বীকারও করেছেন। তপনবাবু বলেন, আমি অনেকদিন আগে বাড়ির কথা দলকে বলেছিলাম। সেটাই হয়তো অনুমোদন হয়েছে। সম্প্রতি আমার অ্যাকাউন্টে বাংলা আবাস প্রকল্পের ৬০ হাজার টাকা ঢুকেছে। উপপ্রধান মনাজুর মোল্লা বলেন, কেন এমন হল বুঝতে পারছি না। বিষয়টি খোঁজ নিয়ে বিডিও অফিসে রিপোর্ট করব। বিজেপি নেতা সুকান্ত দলুইয়ের অভিযোগ, প্রকৃত প্রাপকরা বাড়ি পাচ্ছে না। অথচ তৃণমূল পরিকল্পিতভাবেই তাদের দলের নেতাদের আবাস প্রকল্পের টাকা পাইয়ে দিচ্ছে। এটা কোনও নতুন ঘটনা নয়।



