Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীপুরে বিধবার দেহ উদ্ধার, উঠল খুনের অভিযোগ

চণ্ডীপুরে বিধবার দেহ উদ্ধার, উঠল খুনের অভিযোগ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: চণ্ডীপুরে বাড়ির ভেতর থেকে এক বিধবা মহিলার ফাঁস লাগানো দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মেঝের মধ্যে ওই মহিলার দেহ পড়েছিল। গলায় ছিল শাড়ির ফাঁস। দু‌ই কান দিয়ে রক্ত গড়াচ্ছিল। চণ্ডীপুর থানার জলপাই গ্রাম পঞ্চায়েতের মাজনাবেড়িয়া গ্রামে ৪৬ বছর বয়সি ওই বিধবা মহিলার দেহ উদ্ধারের পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যা নাগাদ খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে প্রথমে এড়াশাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণার পর ময়নাতদন্ত করতে দেহ তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সোমবার সেই দেহের ময়নাতদন্ত হয়। ওই বিধবা মহিলাকে খুন করা হয়েছে বলে একপ্রকার নিশ্চিত সকলেই। খুনের আগে তাঁর উপর শারীরিক নির্যাতন হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
প্রায় কুড়ি বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়েছে। মহিলার এক ছেলে এবং এক মেয়ে। তাঁর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে কলকাতায় একটি রেস্টুরেন্টে কাজ করেন। রবিবারও তাঁর ছেলে কলকাতায় ছিলেন। সকালে মৃত মহিলার সঙ্গে ছেলের ফোনে কথা হয়। কিন্তু দুপুরে মাকে ফোন করতে গিয়ে সুইচ অফ পান ছেলে। বিকেলেও মোবাইলের সুইচ অফ থাকায় ওই যুবক এক প্রতিবেশীকে ফোন করে জানান। ওই প্রতিবেশী বিধবার বাড়িতে গিয়ে দেখেন, সামনের দরজা হাট করে খোলা। ভেতরে আলো জ্বলছে, পাখা চলছে। ওই বিধবা মহিলার দেহ মেঝের উপর পড়ে রয়েছে। পরনের শাড়ি এলোমেলো। তার একটি অংশ নিয়ে গলায় ফাঁস লাগানো রয়েছে। দুই কান গড়িয়ে রক্ত বের হচ্ছে।   
সম্পর্কিত সংবাদ