সংবাদদাতা, মানিকচক: ভিনরাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার সময় ট্রেন ধরতে গিয়ে পড়ে মৃত্যু হল মানিকচকের বাসিন্দা এক আশা কর্মীর। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। মৃত আশা কর্মীর নাম জেরিনা বেগম ওরফে বেলি (৪৬)। তাঁর বাড়ি মালদহের মানিকচকের চৌকি মীরদাদপুরের রাজনগর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা করানোর উদ্দেশ্যে হাওড়া থেকে যশবন্তপুর এক্সপ্রেসে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের ডুভাদা স্টেশনে জল নিতে নামেন। কিন্তু ট্রেন ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
স্থানীয় প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। শনিবার মৃতদেহ মানিকচকের রাজনগর গ্রামে আসতে পারে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।



