অমিত চৌধুরী, চন্দননগর: মুর্শিদাবাদ থেকে এসে চুঁচুড়ার কামারপাড়ায় আসার পর শীল পরিবারে শুরু হয়েছিল রাজা কার্তিক পুজো। বিশাল ঠাকুরদালানে শুরু হয় পুজো। শীল বাড়ির সেই পুজো আজ ১৭৭ বছরের ইতিহাস বহন করে চলেছে। শীল পরিবারের আদি বাসস্থান ছিল মুর্শিদাবাদে। সেই সময় বর্গী আক্রমণের আশঙ্কায় অনেকেই পরিবার নিয়ে অন্যত্র চলে যায়। শীল পরিবারের কর্তা গোবিন্দচরণ সেই সময় মুর্শিদাবাদের বাড়ি ছেড়ে সপরিবারে চলে আসেন চুঁচুড়ায়। কিছুদিন পর কুলদেবতা ‘গোপীনাথ রাধারানি’র বিগ্রহকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসেন চুঁচুড়ায়। কামারপাড়ায় বাসভবনের কাছে মন্দির স্থাপন করে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। একইসঙ্গে কার্তিক পুজোর সূচনা করেন গোবিন্দবাবু। তৈরি হয় সুবিশাল ঠাকুর দালান। দেব সেনাপতি হিসাবে এই পরিবারে পূজিত হন রাজা কার্তিক হিসাবে। তৎকালীন এই বনেদি পরিবারের প্রতিমা নিরঞ্জনের সময় আনা হত ১০০ ঢাকি। জ্বলে উঠত অসংখ্য গ্যাসের আলো। এই নিরঞ্জন শোভাযাত্রা দেখতে উদগ্রীব হয়ে থাকতেন সাধারণ মানুষ। রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে অপেক্ষা করতেন তাঁরা। এই পুজোর ট্রাস্টি বোর্ডের সম্পাদক দেবাশিস শীল বলেন, পাঁচ খাটালের প্রাচীন ঠাকুরদালান এখানে ছাড়া আর কোথাও আছে বলে আমার জানা নেই। দেব সেনাপতি রাজা কার্তিক পরিবারে সুখ ও সমৃদ্ধি এনে দেন। সুরক্ষাও করে পরিবারকে। এই বিশ্বাস থেকেই তিনি শীল বাড়িতে পূজিত হন বংশ পরম্পরায়। সেই ঐতিহ্য বহন করে চলছে বেলজিয়াম কাচের ঝাড়বাতি, কাঠের তৈরি ১২টি পরী। সেই সময়ের তরোয়াল, ঢাল দেওয়া হয় দেবতাকে। এক সময় এই পুজোকে কেন্দ্র করে ফি বছর যাত্রা হত এলাকায়। প্রতি বছর দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসতেন এই পুজো দেখতে।



