গুজরাত উপকূলেও নজরদারি চালায় চীনা স্যাটেলাইট
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিংজিয়া-১৪। গাওফেন-১১। ইয়াওগান-৩০। অন্তরীক্ষে ওঁত পেতে তিন চীনা স্যাটেলাইট। রেডিয়োফ্রিকোয়েন্সি ট্র্যাকিং ও ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (এলিন্ট) প্রযুক্তিতে বলীয়ান। গত বছর ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন এই তিন ‘গুপ্তচর’ স্যাটেলাইটের মাধ্যমেই গুজরাত উপকূলে টানা নজরদারি চালিয়েছিল বেজিং! মহাকাশ থেকে মূলত তিনটি জায়গায় নজর রেখেছিল পাকিস্তানের ‘চিরসখা’ চীন। ভুজ, নালিয়া ও জামনগর। আশঙ্কা, গুজরাতে ভারতীয় নৌবাহিনী ও বায়ুসেনা ঘাঁটিগুলির গতিবিধি ট্র্যাক করা হয়েছিল প্রতি মুহূর্তে। শুধু তাই নয়, হাই-রেজোলিউশন ভিজুয়াল ইমেজিংয়ের মাধ্যমে নজরদারি চলে বন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতেও। সেই তালিকায় ছিল জামনগরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও তৈল শোধনাগারও। স্যাটেলাইটের গতিবিধি বিশ্লেষণ করে এই তথ্য হাতে এসেছে বেঙ্গালুরুর মহাকাশ সার্ভিলেন্স সংস্থা ‘দিগন্তরা’-র। এর আগে এই সংস্থাটির তথ্যের ভিত্তিতেই জানা গিয়েছে, জঙ্গি হানার ছ’দিন আগে থেকে গতিবিধি দ্বিগুণ বাড়িয়ে পহেলগাঁওয়ে নজরদারি চালিয়েছিল চীনের স্যাটেলাইটগুলি।

Advertisement

‘অপারেশন সিন্দুর’ চলাকালীন ভারত ও পাকিস্তানের মূল রণাঙ্গন ছিল জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। তবে যুদ্ধের আঁচ এসে পড়েছিল গুজরাতের পাক সীমান্তবর্তী এলাকাগুলিতেও। ঘুরপাক খেয়েছে পাক ড্রোন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ রাখা হয় বিমানবন্দর। ব্ল্যাকআউট ও এয়ার রেইড অ্যালার্টেরও সাক্ষী ছিল গুজরাত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ গুজরাত উপকূল। কারণ, পাক নৌবাহিনীর মূল কর্মকাণ্ড চলে গুজরাত উপকূলের নাকের ডগাতেই। পাশাপাশি, ওয়েস্টার্ন সেক্টরে ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একাধিক ঘাঁটি রয়েছে এই রাজ্যে। ফলে, ‘অপারেশন সিন্দুরে’র সময় পাকিস্তানের বন্ধুরাষ্ট্র চীনের এই অবিরাম স্যাটেলাইট নজরদারি নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন? ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অজয় লেলে বলেন, সমুদ্রপথে আমাদের গতিবিধির ধারণা পেতে ভালো মানের একটা ছবিই যথেষ্ট। মূল যুদ্ধক্ষেত্র ছিল জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। কিন্তু অপারেশন সিন্দুরের মতো সক্রিয় সংঘাতের সময় বিভিন্ন এলাকা থেকে আসা গোয়েন্দা তথ্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।