পুজোয় লঙ্কার দর প্রায় ডবল সেঞ্চুরি
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: বাঙালির পুজো মানেই নতুন জামাকাপড়, ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়াদাওয়া। ষষ্ঠী থেকে দশমী, পাতে মাছ-মাংসের নানা পদ থেকে শুরু করে বাড়ির হেঁশেলে হরেক রকমের রান্না- সবেতেই চাই একটু ঝাল। কিন্তু এবার পুজোর বাজারে লঙ্কার ঝাল যেন একটু বেশিই। 

Advertisement

ধূপগুড়ি বাজারে কাঁচা লঙ্কার দাম কেজিপ্রতি ১৮০ টাকা। যা ডবল সেঞ্চুরিও পৌঁছতে পারে বলে আশঙ্কা। পেঁয়াজের দামও কেজিপ্রতি ৬০ টাকা। ফলে পুজোর ভোজের আয়োজন করতে গিয়ে সবজির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ ক্রেতারা।
পুজোর আগে ধূপগুড়ি বাজারে সবজি কিনতে গিয়ে পকেটে টান পড়ার আশঙ্কা বাড়ছে। বাজারে ফুলকপি কেজিপ্রতি ৬০ টাকা, বেগুন ৫০ থেকে ৮০ টাকা, কচু ২৫ টাকা, পটল ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, সাজি ৪০ টাকা এবং করলা ৬০ টাকা দরে বিকোচ্ছে। 
শিমের দামও কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। ফলে পুজোর আনন্দে ভাটা না পড়লেও বাজারের চড়া দামে বাড়তি খরচের চিন্তা বাড়ছে ক্রেতাদের। ধূপগুড়ির শিক্ষক ঋষিকেশ রায় সহ অনেকেই এই মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন ক্রেতাদের একাংশ। অন্যদিকে, এ বিষয়ে ব্লক প্রশাসনের তরফেও আশ্বাস মিলেছে।
কিন্তু পুজোর মুখে হঠাৎ দামবৃদ্ধির কারণ কী? কৃষি দপ্তর সূত্রে খবর, প্রতিবছর পুজোর সময় সবজির চাহিদা বাড়ে। তবে এ বছর সবজির উৎপাদন আশানুরূপ হয়নি। 
বৃষ্টির খামখেয়ালিপনায় সবজি মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে বাজারে জোগান কমেছে। যার প্রভাব পড়েছে দামে। পাশাপাশি, ধূপগুড়ি মহকুমাজুড়ে কাঁচা লঙ্কার যে চাষ হতো, তাতেও এ বার ভাটার টান।
ধূপগুড়ির সবজি ব্যবসায়ী রতন রায় বলেন, বাজারে চাহিদার তুলনায় জোগান খুবই কম। সে কারণেই দাম বেড়েছে।
 পুজোর দিনগুলিতে চাহিদা আরও বাড়লে সবজির দাম ফের বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে পুজোর ভোজের আয়োজন করতে গিয়ে সাধারণ মানুষের খরচ কতটা বাড়ে, এখন সেটাই দেখার।