Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ডিএ-বৈঠক সোমে

আগামী পয়লা জুন সোমবার বিকেল ৫টায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বৈঠকে বসবেন। ওই সংগঠনগুলি বুধবার অর্থ দপ্তর থেকে বৈঠকের ব্যাপারে চিঠি পেয়েছে।

সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ডিএ-বৈঠক সোমে
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা:  আগামী পয়লা জুন সোমবার বিকেল ৫টায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বৈঠকে বসবেন। ওই সংগঠনগুলি বুধবার অর্থ দপ্তর থেকে বৈঠকের ব্যাপারে চিঠি পেয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে যে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতেই এই বৈঠকটি ডাকা হচেছ বলে চিঠিতে উল্লেখ আছে। চিঠির শুরুতেই ডিএ মামলার নম্বর উল্লেখ করে তার পরিপ্রেক্ষিতেই যে বৈঠক তা বলা হয়েছে। ডিএ মামলাটি প্রথমে শুরু করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের বৈঠকে ডাকা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারি পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও একটি কর্মী সংগঠন পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে মামলায় যুক্ত হয়েছিল। এই সংগঠনগুলির কাছেও বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতি সংগঠনকে ৩ জন করে প্রতিনিধি বৈঠকে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে। সেই মামলায় নিজেদের অবস্থান এখনও ঠিক করতে পারেনি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ পর্যায়ক্রমে মেটানোর নির্দেশ দিয়েছিল। এই ব্যাপারে নজরদারির জন্য আদালত বিশেষ কমিটি নিযুক্ত করে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকার বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করে। কিন্তু যেভাবে তা দেওয়া হয় তাতে কর্মী সংগঠনগুলি সন্তুষ্ট না হয়ে ফের সুপ্রিম কোর্টে যায়।
বুধবার দুপুর দুটোয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বিশেষ বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা শোনার জন্য বসলেও শুনানি পিছানোর আবেদন করে রাজ্য। সলিসিটর জেনারেলের এই আর্জিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য, করুণা নন্দীর মতো রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা কেউ আপত্তি করলেন না। তাঁরা বললেন, কোনো অসুবিধা নেই। তবে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যেন শুনানি হয়। আদালত সেকথা মেনে নেয়। বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, সবপক্ষ যখন রাজি, তখন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই শুনানি হবে। তবে রাজ্য সরকারকে এর মধ্যে আদালতে একটি স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে।
রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে এখনকার ডিএ অনেকটাই বকেয়া আছে। রাজ্য কর্মীরা এখন ১৮ শতাংশ হারে ডিএ পান। যেখানে কেন্দ্রীয় কর্মীরা পান ৬০ শতাংশ। তৃণমূল কংগ্রেস সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় এপ্রিল থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ ঘোষণা করেছিল। কিন্ত সেটা এখনও কার্যকর হয়নি। ডিএ নিয়ে সোমবারের বৈঠকে সরকার কোনও আলোচনা করবে কিনা সেটা কর্মী সংগঠনগুলি জানে না। তবে তারা ওই বিষয়টিও বৈঠকে তুলবে।

সম্পর্কিত সংবাদ