নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাত পোহালেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভা বর্ধমানে। সেখান থেকেই পশ্চিম বর্ধমান জেলার জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জেলার নবনির্মিত জেলাশাসক ও পুলিস কমিশনারেট অফিসের উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাত ধরেই। বর্ধমান থেকে ভার্চুয়াল মাধ্যমে সেগুলি উদ্বোধন করা হবে বলে এখনও পর্যন্ত স্থির রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ জলপ্রকল্পের উদ্বোধন করবেন, যা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। তার মধ্যে ২২ কোটি টাকা ব্যয়ে বরাকর-পুরুলিয়ার রাস্তার সম্প্রসারণের কাজ হবে।
২০১৭ সালে পশ্চিম বর্ধমান জেলা আত্মপ্রকাশ করে। নতুন জেলা তৈরি হলেও এতদিন জেলাশাসকের কোনও পৃথক অফিস ছিল না। অস্থায়ীভাবে এডিডিএ অফিস বিল্ডিংয়েই বসতেন জেলাশাসক। তাঁর বাকি দপ্তরগুলিও ছড়িয়ে ছিটিয়ে ছিল। যার জেরে বিভিন্ন প্রশাসনিক কাজে এসে সাধারণ মানুষকে বিস্তর হয়রানির শিকার হতে হতো।
পাশাপাশি প্রশাসনিক আমলা থেকে কর্মীদেরও একটি অফিস থেকে অন্যটিতে ছোটাছুটি করতে হতো। তার ফলে অনেকক্ষেত্রে বাড়তি জ্বালানি খরচও লাগত। এবার এই দুর্ভোগ থেকে রেহাই মিলতে চলেছে। আসানসোলের কল্যাণপুরে ২৯.২৫ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে জেলাশাসকের বিশাল অফিস। সেখানে একছাদের নীচে থাকবে বেশিরভাগ অফিস। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে তা উদ্বোধন করতে চলেছেন। এছাড়াও আসানসোল সংশোধনাগারের অদূরে ১৮ কোটি টাকা ব্যয়ে বিশাল পুলিস কমিশনারেট বিল্ডিং তৈরি হয়েছে। সেটিরও উদ্বোধন হবে। সেখানে একই বিল্ডিংয়ে বসবেন পুলিসের বেশিরভাগ শীর্ষকর্তা। জামুড়িয়ার চুরুলিয়া ও বারাবনির ইটাপাড়ায় প্রায় ১০ কোটি টাকা করে ব্যয়ে তৈরি জলপ্রকল্পগুলির উদ্বোধন হবে। দুর্গাপুরের ডিয়ার পার্ক থেকে ডিভিসি মোড় পর্যন্ত সংস্কার ও সম্প্রসারিত হওয়া রাস্তার উদ্বোধন হবে। জামুড়িয়ার আখলপুরে ৩০ শয্যার আরবান কমিউনিটি হেলথ সেন্টারের উদ্বোধন হবে। সালানপুরের কল্ল্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তার উদ্বোধন হবে। এইভাবেই ২৪টি বড় প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যার আনুমানিক খরচ ১১০ কোটি টাকার বেশি।
এছাড়াও, পূর্তদপ্তর বরাকর থেকে পুরুলিয়া রাস্তার সম্প্রসারণ করবে। চারটি বক্স কালভার্ট সহ ২২ কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হওয়ার করা রয়েছে। স্বাস্থ্যদপ্তরের একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের শিলান্যাস হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়াও তিনি এডিডিএ ও ডব্লুবিএসআরডিএর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করবেন। মোট ২৩টি প্রকল্পের শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি টাকার বেশি। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বহু পরিষেবা প্রদান কর্মসূচিও হবে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার ২০০জনকে জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। কয়েকজনের হাতে বর্ধমানের মঞ্চ থেকে পাট্টা তুলে দেওয়া হবে। বাকিরা ব্লক অফিস থেকে পাট্টার কাগজ পাবেন।
রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী আমাদের জেলাবাসীকে বারবার নানা প্রকল্প উপহার দিয়েছেন। তাঁর নির্দেশেই জেলায় এত উন্নয়ন হয়েছে।-নিজস্ব চিত্র