নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামীকাল, মঙ্গলবার আরামবাগ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দফায় দফায় বৈঠক করছেন পুলিস ও প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীর সড়কপথে আসার কথা। তাই রবিবার সড়ক পরিদর্শন করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। তিনি গাড়ি নিয়ে আরামবাগ হয়ে কামারপুকুর যান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে যেতে পারেন। সেখানে তাঁর একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গতবছর বন্যা পরিস্থিতির সময়ে মুখ্যমন্ত্রী আরামবাগ মহকুমায় এসেছিলেন। কিছুক্ষণের জন্য গিয়েছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনেও। এবারও একইভাবে মহকুমার বিভিন্ন এলাকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারই রাজ্যের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই ব্যাপারে ম্যারাথন বৈঠক করেছেন। ফলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী কোনও প্লাবিত এলাকায় যেতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই ব্যাপারে প্রশাসনের তরফে কিছু নিশ্চিত করা হয়নি।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সড়কপথে আরামবাগ হয়ে কামারপুকুর যেতে পারেন। বর্তমানে আরামবাগের মূল রাজ্য সড়কের একাংশের হাল ভয়ঙ্কর হয়ে রয়েছে। বিশেষ করে আরামবাগ-চাঁপাডাঙা ফোর লেনের মাঝে খামারবেড় থেকে মায়াপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ চূড়ান্ত বেহাল। তার দোসর হয়েছে ধুলোঝড়। গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়কের উপর চার কিলোমিটার অংশ দুই লেনের। ফলে যানজটও নিত্য ঘটনা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই রাস্তার মেরামতির দাবি জানিয়ে আসছেন। কিন্তু বৃষ্টির জন্য সংস্কার করা যায়নি বলে দাবি পূর্তদপ্তরের। তবে মুখ্যমন্ত্রী আসার খবর নিশ্চিত হতেই জোরকদমে চলছে মেরামতি। রবিবার পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে মায়াপুরে রাস্তা মেরামতি হয়। এমনকী, রাস্তায় ধুলো ওড়া আটকাতে জলও দেওয়া হয়েছে। এছাড়া আরামবাগের পল্লিশ্রীতে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর রাস্তাও মেরামতি করে পূর্তদপ্তর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পুলিসের উচ্চপদস্থ কর্তারা আরামবাগ হয়ে কামারপুকুরে যান। তাছাড়া হুগলির জেলাশাসক মুক্তা আর্য, সংসদ সদস্য মিতালি বাগ, বিধায়ক অসীমা পাত্র প্রমুখ কামারপুকুরে আসেন।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আরামবাগের মায়াপুরে জেলাশাসক গাড়ি থেকে নেমে রাস্তার কাজ দেখেন। সেখানে অসীমাদেবীর সঙ্গে আরামবাগ পুরসভার কাউন্সিলার স্বপন নন্দীও ছিলেন। সেইসময়ে পূর্তমন্ত্রী গাড়ি থেকে খোঁজখবর নিয়ে কামারপুকুরের উদ্দেশে বেরিয়ে যান।
এদিন পূর্তমন্ত্রী রাস্তার তদারকি করেন। কামারপুকুরে গিয়ে অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজখবরও নেন। আরামবাগের সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আসছেন। তার আগে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেহাল রাস্তাগুলি মেরামতির পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছিল। কিন্তু লাগাতার বৃষ্টির জন্য রাস্তার কাজ বিঘ্নিত হয়। বর্তমানে বৃষ্টি না হওয়ায় ফের কাজগুলি শুরু হয়েছে। -নিজস্ব চিত্র