নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বিশেষ করে চিনি, সরষের তেল, আলুসহ বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আটকাতে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। মঙ্গলবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্ন সভাঘরে মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হয়েছিল। জানা গিয়েছে, তেল, চিনি ও আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন ব্যবসায়ী মহলকে বার্তা দিয়েছেন, সরকার তাঁদের সঙ্গে সবরকম সহযোগিতা করছে। বাজারদর নিয়ন্ত্রণে তাঁদেরও পালটা সহযোগিতা করতে হবে। দাম কমানোর ব্যাপারে তাঁদের সক্রিয় হতে হবে। এতে সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ কমবে। এদিন ঠিক হয়েছে, প্রতি সোমবার বাজারদর পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিকরদের সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলির মধ্যে বৈঠক হবে। নিয়মিত যোগাযোগ রাখার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। সেখানে সচিব পর্যায়ের আধিকারিকরাও থাকবেন।
এদিকে, ব্যবসায়ী সংগঠনগুলির সূত্রে জানা গিয়েছে, দাম যাতে কিছুটা অন্তত কমে, সে ব্যাপারে তারাও আশ্বাস দিয়েছে। সরষের তেল ও চিনি পুরোটাই ভিন রাজ্য থেকে আসে। সেখানেই দাম বেড়ে রয়েছে। এবার বৃষ্টি কম ও শীত বিলম্বিত হওয়ার জন্য ফলন মার খেতে পারে—এই আশঙ্কায় দাম বাড়ছে। পাইকারি বাজারে প্রতি কুইন্টাল চিনির দাম ৫৬০০ থেকে ৬২০০ টাকার মধ্যে মিলছে। সর্ষের তেলের দাম পাইকারি বাজারে ২১০-২২০ টাকার আশপাশে। দক্ষিণবঙ্গে সাম্প্রতিক বৃষ্টির পর আলুসহ বিভিন্ন সবজির দামও একলাফে বেড়েছে। জ্যোতি আলু হিমঘর থেকে বার হওয়ার পর পাইকারি বাজারে ১২ টাকা ও চন্দ্রমুখী আলু ২০ টাকাতে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে দাম যথাক্রমে ২০ ও ৩০ টাকা। চিনি খুচরো বাজারে ৭০ টাকা ও সরষের তেল ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।



