অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীতে মুখ্যমন্ত্রী
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সুব্রত ঠাকুর গোষ্ঠীর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উপদেষ্টা মণ্ডলীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাস উৎসবের দিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির পুনর্বিন্যাস অনুষ্ঠান হয়। সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়। প্রথমেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয় এদিন। পাশাপাশি এদিন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সুব্রত ঠাকুর বলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। এবারও তাঁকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়েই এই পদে রাখা হয়েছে তাঁকে। 

Advertisement

এদিন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘেরও কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে। কমিটি থেকে বাদ পড়েছেন সদ্য প্রাক্তন সম্পাদক সুখেন গাইন। এবিষয়ে সুখেন বলেন, রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই তাঁকে কমিটিতে রাখা হয়নি। যদিও শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক অনিমেষ বালা বলেন, মতুয়াদের সার্বিক উন্নয়নে এবং ঠাকুরের প্রচারে নিয়োজিত ব্যক্তিত্বদের মধ্যে থেকেই কমিটি গঠন হয়েছে। ঠাকুরবাড়িতে বাৎসরিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। দুটি সংঘেরই প্রধান সেবাইত হয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।