নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েই পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক! রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে ময়দানে এক সরকারি টেন্টে তিনি বৈঠক করেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার নগরপাল সহ প্রশাসনের পদস্থ কর্তাদের নিয়ে। সূত্রের খবর, বৈঠকে অগ্রাধিকার পেয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা। আগামী দিনের রূপরেখা তৈরির নির্দেশও দিয়েছেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক প্রধান। এই বৈঠকের পর রাজ্য প্রশাসনে বড়োসড়ো রদবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিজের মতো করে প্রশাসনকে সাজিয়ে তুলতে চাইছে বিজেপি সরকার। আর সেই কাজ শুরু হয়ে গিয়েছে শনিবার বিকেল থেকেই। সদ্যসমাপ্ত নির্বাচনে রাজ্যে স্পেশাল অবজার্ভারের দায়িত্ব সামলানো অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে এদিন নিয়োগ করা হল মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে করা হল মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব। খোলনলচে বদলানো হচ্ছে সিএমও বা মুখ্যমন্ত্রীর সচিবালয়েরও। সরানো হয়েছে সিএমও’র বিশেষ কমিশনার শান্তনু মুখোপাধ্যায় সহ ১৬ আধিকারিককে। পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের কনভেনর প্রতাপ নায়েককে দার্জিলিংয়ের পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকে বদলি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামীতে আরও রদবদল হবে। কয়েকজন আধিকারিককে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া নিয়েও জল্পনা শুরু হয়েছে নবান্নের পাওয়ার করিডরে। এছাড়াও অধিকাংশ প্রাক্তন মন্ত্রীদের ব্যক্তিগত সচিবদের পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে।



