Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ছিনতাইয়ের পরই রাস্তায় জামা বদলায় ২ অভিযুক্ত

ছিনতাইয়ের পরই রাস্তায় জামা বদলায় ২ অভিযুক্ত
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাসের অভিজাত মলের সামনে ছিনতাইয়ের পর চেহারায় পরিবর্তন আনতে জামা বদল করেছিল দুষ্কৃতীরা। পাশাপাশি ছিনতাইয়ের পর ওই ব্যাগ থেকে টাকা বের করে নিজেদের ব্যাগে ভরে নেয় তারা। তারপর পরিত্যক্ত ব্যাগটি ফেলে দিয়ে চম্পট দেয় তারা। তদন্তে নেমে এই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় জড়িতদের একজন রাজারহাট বা ভাঙড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যজনের সঙ্গে ভিন রাজ্যের যোগ রয়েছে। 
Advertisement
পার্ক সার্কাস এলাকা থেকে ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। তদন্তকারীরা প্রথমে ভেবেছিলেন, বাইকে করে আসা দুই দুষ্কৃতী স্থানীয়। ছিনতাইয়ের ঘটনায় সম্প্রতি জামিন পাওয়া অভিযুক্তদের সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে তাঁরা জানতে পারেন, শহরের কেউ এই ঘটনায় জড়িত নয়। শহরের উপকণ্ঠের দুষ্কৃতীরা সম্ভবত ছিনতাই করেছে। সোর্স মারফত অফিসাররা খবর পান, দুষ্কৃতীদের একজন ভাঙড় সংলগ্ন রাজারহাট এলাকার বাসিন্দা। সেখান থেকেই বাইক নিয়ে এসেছিল। এরপরই সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক সিগন্যালে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তা বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন, বাইকটি রাজারহাট এলাকা থেকেই এসেছে। তবে এই দলে ভিন রাজ্যের একজন থাকতে পারে। যে রাজারহাট বা ভাঙড় এলাকায় আশ্রয় নিয়েছে। পার্ক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন, অভিযুক্তরা বাইক নিয়েই পালিয়েছে। তবে কিছুটা দূরে গিয়ে তারা জামা বদলে ফেলে। এরপর টাকা বের করে নিজেদের ব্যাগে ভরে ওই ব্যাগটি ফেলে দেয়। এর মাঝে একজন সামান্য সময়ের জন্য হেলমেট খুলেছিল। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই দুই দুষ্কৃতীর স্কেচ আঁকানো হয়েছে। তার ভিত্তিতে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ