নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বেলডাঙার পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর জেলা প্রশাসন। ধীরে ধীরে ভয় কাটিয়ে মানুষও ছন্দে ফিরছে। ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে স্বাভাবিক যান চলাচল করছে। শিয়ালদহ ও লালগোলা শাখায় ট্রেন চলাচলও ঠিকঠাক। গোটা থানা এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি মোড়ে পুলিস পিকেট বসানো আছে। মোতায়েন রয়েছে প্রচুর র্যাফ। বৃহস্পতিবার সকালে থানার সামনে বিএসএফ জওয়ানদের দেখতে পায় স্থানীয়রা। হঠাৎ, করে এলাকায় বিএসএফ কেন, তা নিয়ে জোর চর্চা চলে। জানা গিয়েছে, এলাকায় কোথায় কী রয়েছে, তা জানার জন্যই এদিন বিএসএফ জওয়ানদের পাঠানো হয়। নদীয়া থেকে তারা এখানে আসেন। জওয়ানরা প্রথমে থানায় গিয়ে কথা বলে। তারপর বেশ কিছু এলাকা ঘুরে দেখেন। জেলার পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, বেলডাঙায় পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। সব জায়গায় পুলিস মোতায়েন রয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, আমরা এলাকায় শান্তি চাই। সম্প্রীতির সঙ্গে এখানে আমরা বসবাস করি। কারও কোনও ক্ষতি হোক সেটা চাই না। একটা ছোট ঘটনা থেকে এলাকায় অশান্তি তৈরি হয়েছিল। সেটা শনিবারই মিটে গিয়েছে। তারপর এলাকা থমথমে ছিল। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। সব জায়গায় পুলিস আছে, আমরা সকলেই স্বাভাবিক জীবনে ফিরেছি। আমাদের সকলের দায়িত্ব যাতে নতুন করে আর কোনও অশান্তি না ছড়ায়। জেলা প্রশাসনের উপর আমাদের ভরসা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ইন্টারনেট বন্ধের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত জেলার কোনও এলাকায় ইন্টারনেট চলবে না। যাতে কেউ কোনও প্ররোচনা মূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করতে না পারে, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আপাতত শনিবার সকাল পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আমরা বেলডাঙার পরিস্থিতির দিকে নজর রাখছি। শুক্রবার বিকেলের পর ইন্টারনেট পরিষেবা চালুর ব্যাপার নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে ফের সিদ্ধান্ত নেওয়া হবে।



