সংবাদদাতা, পতিরাম: ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন বাবা। পুলিস সূত্রে খবর, মৃত টগর সরকারের (৫৬) বাড়ি গঙ্গারামপুর থানার অশোকগ্রাম পঞ্চায়েতের রায়পুরে। গত ১৫ তারিখ সকালে ওই ব্যক্তি কীটনাশক খেলে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে খবর, পেশায় কৃষিজীবী টগরের ২৪ বছরের ছেলে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার জন্য গত কয়েক বছর ধরে অনেক টাকা খরচ করেছেন। নানা জায়গায় ভর্তি রেখে চিকিৎসা করিয়ে সুস্থ করার চেষ্টা করেছিলেন ছেলেকে। মাঝে একবার সুস্থ হলেও ফের সমস্যা দেখা দেয় ছেলের। চাষের আয় থেকে চিকিৎসার খরচ জোগাড় করতে পারছিলেন না টগর। সম্প্রতি রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে রেখে ছেলের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তিনি। এই পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর কীটনাশক খান টগর। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এদিকে মঙ্গলবারই ছেলেকে নার্সিংহোম থেকে বাড়ি আনা হয়েছে। মৃতের আত্মীয় পদো মণ্ডল বলেন, ছেলের চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে কিছুদিন দুশ্চিন্তায় ছিল। শুনেছি কিছু টাকা ধারও করতে হয়েছিল। তবে আত্মহত্যা করবে ভাবতে পারিনি। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে।



