সংবাদদাতা, পুরাতন মালদহ: হস্টেলে ছেলেকে চাদর দিতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল বাবার। মৃতের নাম কালীপদ বর্মন (৪৩)। বাড়ি গাজোলের বেতপুকুর এলাকায়। গাজোলে রবিবার রাতে ৫১২ নম্বর জাতীয় সড়কের একুশ মাইল সংলগ্ন এলাকার ঘটনা। সোমবার তাঁর দেহ ময়নাতদন্তে জন্য জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের জামাই মিঠুন মণ্ডল বলেন, শ্বশুর গাজোলে একটি ওষুধের দোকানে কাজ করতেন। এদিন শ্বশুর সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হন। শ্যালক একুশ মাইলে একটি বেসরকারি হস্টেলে থাকে। তাকে চাদর দিতে যান। যাওয়ার পথে ভুল রুটে একটি বাইক এসে শ্বশুরকে ধাক্কা মারে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। অভিযোগ পেয়ে গাজোল থানার পুলিস তদন্ত শুরু করেছে।



