মুম্বই: দীর্ঘদিন জাতীয় দলে ডাক পাননি। সদ্য বাদ পড়েছেন দলীপ ট্রফির দল থেকেও। শেষমেষ ২২ গজকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন চেতেশ্বর পূজারা। দেশের সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি একজন। ভক্তদের মন খারাপ করা এই সিদ্ধান্ত রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন পূজারা স্বয়ং।
ভারতীয় এই ব্যাটার লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সংগীত গেয়ে, যতবার মাঠে নেমেছি, সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেই অনুভূতি কথায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু যেমন বলা হয়, সব ভালোই একদিন শেষ আছে। আমি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’ শেষে তাঁর সংযোজন, ‘পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’ দীর্ঘ বার্তায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বিসিসিআই এবং সৌরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে।
ক্রিকেট প্রেমিরা পূজারাকে একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে সবথেকে বেশি মনে রাখবেন। পূজারার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সৌরাষ্ট্রের হয়ে, ২০০৫ সালে। আর ২০১০ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক ঘটে। বেঙ্গালুরুতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। দীর্ঘ প্রায় দেড় দশকের কেরিয়ারে দেশের হয়ে খেলেছেন ১০৩টি টেস্ট ম্যাচ। মোট সংগ্রহ সাত হাজার ১৯৫ রান। এর মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টেস্ট দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গায় ভরসা হয়ে উঠেছিলেন। কিন্তু প্রায় আড়াই বছর ভারতের জাতীয় দলে ব্রাত্য পূজারা। ২০২৩ সালের জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারতীয় দলের গত অস্ট্রেলিয়া সফরের সময় পূজারার ভারতীয় দলে স্থান পাওয়া নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত নবীনদের উপরে ভরসা রাখেন নির্বাচকরা। ফলে তাঁকে হতাশ হতে হয়।