লন্ডন: ২০২৫-এর শেষ ম্যাচের আগে লিগ টেবিলে প্রথম দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র দুই। তবে নতুন বছরে ইতিমধ্যেই তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। বুধবার প্রিমিয়ার লিগে আরও একবার পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে সিটিজেনরা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে আর্লিং হালান্ডের লক্ষ্যভেদে লিড নেয় পেপ-ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে ব্রাইটনকে লড়াইয়ে ফেরান কাউরু মিতোমা। এরপর ম্যাচে দ্বিতীয়বার লিড নেওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ সিটিজেনরা। উল্লেখ্য, লিগের শেষ তিনটি ম্যাচে ড্র করল তারা। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে দ্বিতীয় স্থান ধরে রেখেছে গুয়ার্দিওলার ছেলেরা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলা। বুধবার তারাও অবশ্য পয়েন্ট নষ্ট করেছে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে উনাই এমেরি-ব্রিগেড। আর ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার আগে আর্সেনাল।



