ফ্লুমিনিজ- ০ : চেলসি- ২
(হোয়াও পেড্রো)
ফ্লুমিনিজ- ০ : চেলসি- ২
(হোয়াও পেড্রো)
নিউ ইয়র্ক: ফ্লুমিনিজের যুব দল থেকে উঠে এসেছেন হোয়াও পেড্রো। দীর্ঘ আট বছর যুব দলে খেলার পর ২০১৯ সালে সিনিয়র জার্সিতেই পেশাদার ফুটবলে পা রাখেন ২৩ বছর বয়সি এই তরুণ অ্যাটাকার। এই দলের হয়ে ২৯ ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। তবে চলতি মরশুমের শুরুতেই চেলসিতে যোগ দেন পেড্রো। আর মঙ্গলবার তাঁর জোড়া গোলেই ক্লাব বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ব্রাজিলিয়ান ক্লাবটির। টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে ফ্লুমিনিজকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছল চেলসি। মঙ্গলবার প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন পেড্রো। দু’টি অর্ধে একবার করে জাল কাঁপান তিনি। আর তাতেই থামল ফ্লুমিনিজের দুরন্ত ফর্ম। উল্লেখ্য, এবারের ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে একের পর এক চমক দিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলি। তবে বাকিদের ছাপিয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে খেতাব জয়ের আশা জোরালো করেন থিয়াগো সিলভারা। এই পর্বে তাঁরা বশ মানান ইন্তার মিলান, আল হিলালের মতো ক্লাবগুলিকে। তবে শেষ চারের লড়াইয়ে চেলসির পরিকল্পিত ফুটবলের সামনে তেমন প্রতিকূলতা গড়ে তুলতে ব্যর্থ রেনাতো গাউচোর ছেলেরা।
এদিকে, দল ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পর উচ্ছ্বসিত চেলসি কোচ এনজো মারেস্কা। তাঁর হাত ধরেই দীর্ঘ পাঁচ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে লন্ডনের ক্লাবটি। জেতে উয়েফা কনফারেন্স কাপ।