নিউ ইয়র্ক: চলতি ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে একের পর এক চমক দিয়েছিল ব্রাজিলের ক্লাবগুলি। ইউরোপের সেরা ক্লাবগুলির সঙ্গে সমানে সমানে টেক্কা দিয়েছে ফ্ল্যামেঙ্গা, পামেইরাস, বোটাফোগো। তবে তারা কেউই শেষ আটের গণ্ডি টপকাতে পারেনি। দক্ষিণ আমেরিকার দেশটির একমাত্র প্রতিনিধি হিসেবে মঙ্গলবার ক্লাব বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে নামছে ফ্লুমিনিজ। সেমি-ফাইনালে থিয়াগো সিলভাদের প্রতিপক্ষ চেলসি। উল্লেখ্য, ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসরে ফাইনালে পৌঁছেছিল তারা। তবে সেবার ম্যান সিটির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ফ্লুমিনিজের। মঙ্গলবার জিতে টানা দ্বিতীয়বার খেতাবি লড়াইয়ের টিকিট পাকা করতে বদ্ধপরিকর রেনাতো গাউচোর ছেলেরা। পক্ষান্তরে, ২০২১ সালে ব্রাজিলের পামেইরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পায় চেলসি। কোচ এনজো মারেস্কার হাত ধরে চার বছরে দ্বিতীয়বারের জন্য এই ট্রফি জিততে মরিয়া তারা। সেই লক্ষ্যেই মঙ্গলবার মাঠে নামছে তারা।



