সংবাদদাতা, চাঁচল: মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার বিকেলে মালদহের চাঁচলের স্বরূপগঞ্জ রাজ্য সড়কের কপিলহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম পালো মণ্ডল (৬৫)। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে মোটর বাইকটি বাজেয়াপ্ত করে চালকের খোঁজ চলছে। স্থানীয় সূত্রে খবর, এদিন স্নান সেরে রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। স্বরূপগঞ্জের দিক থেকে আসা একটি মোটর বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে। তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।



