সংবাদদাতা, চাঁচল: আগুনে ভস্মীভূত হল তিন ভাইয়ের তিনটি শোওয়ার ঘর ও দু’টি গোয়ালঘর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে। পুলিস ও দমকল জানিয়েছে, সাদ্দাম হোসেন, নাজিমুল হক ও নওশাদ আলির ঘর আগুনে পুড়ে গিয়েছে। এদিন দুপুরে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পুকুর ও সাব মার্সিবল থেকে জল তুলে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি শোওয়ার ঘর ও দু’টি গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায়। একটি বাই সাইকেল ও ঘরে মজুত আসবাবপত্র ও খাদ্যসামগ্রী সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। খরবা পঞ্চায়েতের উপ প্রধান মলয় বসাক বলেন, বিডিও অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হবে। চাঁচল দমকল কেন্দ্রের ইনচার্জ রতন কুমার সিংহ বলেন, রান্নাঘরের উনুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রতি বছর শীতকালে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। গ্রাম ও শহরাঞ্চলের মানুষদের সচেতন করা হচ্ছে।



