নয়াদিল্লি: জঙ্গি গোল্ডি ব্রার সহ পাঁচজনের বিরদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ। ২০২৪ সালে হরিয়ানায় দু’টি ক্লাবে বোমা হামলা মামলায় চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। অস্ত্র, বিস্ফোরক সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তদন্তকারী সংস্থা জানিয়েছে, গুরুগ্রামের সেক্টর-২৯’এর ওই দুই ক্লাবে পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছিল। অর নেপথ্যে ছিল বব্বর খালিস্তানি ইন্টারন্যাশনাল (বিকেআই)। হরিয়ানায় সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে অশান্তি ছড়াতেই ওই হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। এনআইএ’র তদন্তে উঠে এসেছে, গোল্ডি ব্রার ও তার সহযোগীরা বড়সড় নাশকতার ছক কষছিল। ওই গোষ্ঠী তোলাবাজি, সন্ত্রাসের জন্য অর্থ সংগ্রহে যুক্ত ছিল। অস্ত্রশস্ত্র ও গোলাবরুদ কিনছিল।



