ঘুষ নেওয়ার সময় পাকড়াও চন্দ্রকোণা থানার এএসআই
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: প্রকাশ্য দিবালোকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশ আধিকারিক। দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে পা দিয়ে নাটকীয়ভাবে গ্রেপ্তার হলেন চন্দ্রকোণা থানার এএসআই মোহন সামন্ত। মঙ্গলবার দুপুরে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাস্তার ধারে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার সময় ওই পুলিশ কর্মীকে সাদা পোশাকের আধিকারিকরা হাতেনাতে ধরে ফেলেন। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের একটি ঘটনার কথা শুনেছি। বিস্তারিত না জেনে মন্তব্য করা যাবে না।

Advertisement

স্থানীয় ও চন্দ্রকোণা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই থানার রামগড় গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ভুঁইয়ার জমিজমা সংক্রান্ত একটি মামলা ঘাটাল আদালতে বিচারাধীন। ওই মামলার তদন্তকারী অফিসার অভিযুক্ত এএসআই মোহনবাবু। অভিযোগ, আদালতের পক্ষ থেকে ওই মামলার কেস ডায়েরি তলব করা হলেও তিনি ইচ্ছে করে তা জমা দিতে গড়িমসি করছিলেন। মামলার অগ্রগতি আটকে থাকায় বিশ্বজিৎবাবু সিডি দিতে দেরি হওয়ার কারণ জানতে চান। বিশ্বজিৎবাবু বলেন, ‘তখনই ওই পুলিশ আধিকারিক আমাকে সাফ জানিয়ে দেন, অন্তত ছ’ হাজার টাকা না দিলে তিনি কেস ডায়েরি আদালতে পাঠাবেন না। বাধ্য হয়ে এদিন সকালে টাকা দিতে আসেন অভিযোগকারী। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিশ্বজিৎবাবুর ফোন পেয়ে চন্দ্রকোণা থানার ব্যারাক থেকে বেরিয়ে আসেন ওই এএসআই। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর পরণে ছিল শুধুমাত্র একটি স্যান্ডো গেঞ্জি ও প্যান্ট এবং তিনি মদ্যপ ছিলেন। থানার সামনের একটি চায়ের দোকানে তিনি পৌঁছনো মাত্রই আগে থেকে ওত পেতে থাকা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ১০ জনের একটি বিশেষ দল তাঁকে হাতেনাতে ধরে ফেলে।
ঘটনাস্থল থেকে ধৃত পুলিশ আধিকারিক এবং অভিযোগকারীকে তড়িঘড়ি বিডিও অফিসের একটি গোপন ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বিশ্বজিৎবাবুর কাছে পুলিশকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি গোটা ঘটনাটি সবিস্তারে খুলে বলেন। এরপরই ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ওই এএসআই-কে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ সূত্রে খবর, এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ ছিল। এর আগে তিনি ওই থানার অধীন ক্ষীরপাই ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখানেও অতি সামান্য কারণে আমজনতার থেকে টাকা আদায় করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিয়মিত মদ্যপ অবস্থায় ডিউটি করার কারণে মাস পাঁচেক আগে তাঁকে চন্দ্রকোণা থানায় তুলে আনা হয়েছিল। কিন্তু সেখানে এসেও তিনি তাঁর পুরনো অভ্যাস ত্যাগ করেননি। ওসিও এ নিয়ে ওই আধিকারিককে বার বার সতর্ক করেছিলেন বলে জানা গিয়েছে। তাঁর গ্রেপ্তার হওয়ার খবর এলাকায় চাউর হতেই প্রতারিত বহু মানুষ মুখ খুলতে শুরু করেছেন।
ঘুষখোর পুলিশ অফিসারের এই পরিণতিতে আমজনতা খুশি। দুর্নীতি দমনে এমন কড়া পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে এলাকার মানুষের দাবি, শাসক দলের বেশ কয়েকজন নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে তোলাবাজির মারাত্মক অভিযোগ উঠছে। তাঁদের বিরুদ্ধেও একইভাবে কড়া আইনি পদক্ষেপ হোক। ধৃত পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ সহ আইনি বাকি প্রক্রিয়া সারছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা।