Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অবসরের জল্পনা ওড়ালেন জাড্ডুও

টি-২০ বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ততম ফরম্যাটকে আলবিদা জানিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি।

অবসরের জল্পনা ওড়ালেন জাড্ডুও
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: টি-২০ বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ততম ফরম্যাটকে আলবিদা জানিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তাঁদের সঙ্গী হয়েছিলেন রবীন্দ্র জাদেজাও। নতুনদের সুযোগ করে দিতেই ছিল এই সিদ্ধান্ত। তাই অনেকে মনে করছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকে একঝাঁক সিনিয়র ক্রিকেটার অবসর নেবেন। সেই জল্পনা আরও তীব্র হয় ইনিংস বিরতিতে বিরাট কোহলি আচমকা জাদেজাকে বুকে জড়িয়ে ধরায়। মূহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু সেই পথে হাঁটছেন না জাড্ডু।

Advertisement

নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জেতার পর রোহিত, কোহলিরা কার্যত সমস্বরে জানিয়ে দেন, এখনই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনা নেই তাঁদের। যার অর্থ ২০২৭ বিশ্বকাপই পাখির চোখ মহাতারকাদের। রোহিত স্পষ্ট জানিয়ে দেন, তাঁর অবসর নিয়ে যা শোনা যাচ্ছে, সবই গুজব। সবকিছু যেমন চলছে তেমনই চলতে থাকবে। রোহিত-কোহলিদের পথ অনুসরণ করেছেন জাড্ডু। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভারতের স্পিন অলরাউন্ডার লেখেন, ‘গুজব অপ্রয়োজন, ধন্যবাদ’। অর্থাৎ তিনিও ওয়ান ডে বিশ্বকাপকেই টার্গেট করছেন। 
গত বছর রোহিতের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। লক্ষ্যপূরণ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সামনের বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর তা হবে ঘরের মাঠে। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। হাতে অনেকটা সময়। আপাতত কয়েকদিনের বিশ্রাম। তারপর আইপিএল। জুনে ইংল্যান্ড সফর, যেখান থেকে শুরু হবে ভারতীয় দলের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব। পরের বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া ২৭টি ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতির জন্য সেটা যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোহলি, জাদেজাদের ফিটনেস দুরন্ত। তাঁরা অনায়াসেই দু’বছর জায়গা ধরে রাখতে সফল হবেন। কিছুটা সংশয় রয়েছে রোহিত শর্মা ও সামিকে নিয়ে। ভারত অধিনায়কের ওজন বেড়েছে। আর সামি ভীষণই চোটপ্রবণ। দুই ক্রিকেটারের ওয়ার্কলোডের উপর বিশেষ নজর দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। আসলে কোচ গম্ভীর চাইলেও এই মুহূর্তে রোহিত, সামিকে ছেঁটে ফেলতে পারবেন না। বিশেষ করে ক্যাপ্টেন হিসেবে রোহিত দুর্দান্ত সফল। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়াকে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। আবার তাঁরই নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দল। তাই বিসিসিআই কর্তারা আপাতত রোহিতের পাশেই থাকবেন। ২০২৭ পর্যন্ত তাঁর উপরই হয়তো আস্থা দেখাবে বিসিসিআই। কোচ গম্ভীর তাই ট্যা-ফুঁ করার সাহস দেখাবেন না। তাছাড়া রোহিত-কোহলির বন্ধুত্ব এখন বেশ জমাট। এদিকে, সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল বেছে নিল আইসিসি। বিরাট, শ্রেয়স, লোকেশ রাহুল, সামি ও বরুণ রয়েছেন দলে। দ্বাদশ ব্যক্তি অক্ষর প্যাটেল।

সম্পর্কিত সংবাদ